কারবালা, ইরাক, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের পবিত্র নগরী কারবালায় নতুন করে সহিংসতায় কমপক্ষে ২৫ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। শিয়াদের একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে মঙ্গলবার সেখানে হাজার হাজার পূণ্যার্থী সমাগমের মধ্যে এ সহিংসতা হয়। ইরাকি পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ জানায়, স্বয়ংক্রিয় অস্ত্র ও পিস্তল নিয়ে আসা অস্ত্রধারীরা শিয়াদের পবিত্র দুটি মাজারের চারপাশের এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। তারা পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলা চালায়। জবাবে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালায়।
ইমাম আব্বাস ও ইমাম হোসেইনের মাজার দুটি শিয়াদের ওই ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু।
রয়টার্সের একজন ফটোগ্রাফার জানিয়েছেন, তিনি রাস্তা দিয়ে দুটি লাশ নিয়ে যেতে দেখেছেন এবং ইমাম আব্বাস ও ইমাম হোসেইনের মাজারের কাছে রকেট চালিত গ্রেনেড হামলার শব্দ শুনতে পেয়েছেন।
তিনি বলেন, তিনি শহরের কেন্দ্রস্থলের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে এবং মার্কিন হেলিকপ্টার টহল দিতে দেখেছেন। দুপুরের পর সেখানে বন্দুকযুদ্ধ বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানান।
পুলিশ জানিয়েছে, নগরীতে দুটি মর্টার বোমাও বিস্ফোরিত হয়েছে। তবে তাতে কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার রাতে পুলিশ ও পূণ্যার্থীদের মধ্যকার সংঘর্ষের পর সংঘটিত হয়েছে মঙ্গলবারের সহিংসতা। সোমবারের সংঘর্ষে সেখানে কমপক্ষে ছয়জন নিহত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৯০৬ঘ.
bdnews24