দুবাই, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে তালেবান জঙ্গিরা ১৯ জন দক্ষিণ কোরীয় জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে। এ বছর শেষের আগেই আফগানিস্তান থেকে দক্ষিণ কোরীয় সেনা প্রত্যাহারের বিনিময়ে জিম্মিদের ছেড়ে দিতে রাজি হয় জঙ্গিরা। আল-জাজিরা টেলিভিশন মঙ্গলবার একথা জানিয়েছে।
জুলাইয়ের মাঝামাঝিতে গজনী প্রদেশ থেকে ২৩ জন দক্ষিণ কোরীয়কে জিম্মি করেছিল তালেবান জঙ্গিরা। তাদের দাবি ছিল তালেবান জঙ্গিদের মুক্তি এবং বিদেশি সেনা সরানো।
২৩ জন জিম্মির বেশির ভাগই নারী। এদের মধ্যে দুজন পুরুষ জিম্মিকে জঙ্গিরা হত্যা করে। আর দুজন নারী জিম্মিকে মুক্তি দেয়। বাকী থাকে ১৯ জন। এই ১৯ জনকেই এখন মুক্তি দিতে রাজি হল জঙ্গিরা।
সেনা সরানোর পাশাপাশি আফগানিস্তানে খ্রিস্টান মিশনারী কার্যক্রমে দক্ষিণ কোরীয় নাগরিকদের অংশগ্রহণ বন্ধের বিনিময়ে জঙ্গিরা বাদবাকী জিম্মিদের মুক্তি দেবে। তবে জিম্মিদের প্রকৃতই মুক্তি পেতে কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক মুখপাত্র।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৩ঘ.
bdnews24