২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন ২০১১ সাল নাগাদ তামাকজাত পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করবে

বিশ্বের সবচেয়ে বেশি সিগারেট উৎপাদনকারী ও ব্যবহারকারী দেশ চীন ২০১১ সাল নাগাদ তামাক ও তামাকজাত পণ্যের সব ধরনের বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। চীনা সংবাদ মাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে। বিশ্বের সবচেয়ে উৎসাহী ধূমপায়ী হিসাবে বিবেচিত চীনারা। এখানকার ৩০ কোটির বেশি ধূমপায়ীর বিশাল বাজারের কারণে বহুজাতিক সিগারেট কোম্পানিগুলোর প্রধান আকর্ষণে পরিণত হয়েছে চীন। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে তামাকজনিত স্বাস্থ্য বিষয়ক উদ্বেগের কেন্দ্রেও রয়েছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 07:19 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

বেইজিং, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বের সবচেয়ে বেশি সিগারেট উৎপাদনকারী ও ব্যবহারকারী দেশ চীন ২০১১ সাল নাগাদ তামাক ও তামাকজাত পণ্যের সব ধরনের বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। চীনা সংবাদ মাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে। বিশ্বের সবচেয়ে উৎসাহী ধূমপায়ী হিসাবে বিবেচিত চীনারা। এখানকার ৩০ কোটির বেশি ধূমপায়ীর বিশাল বাজারের কারণে বহুজাতিক সিগারেট কোম্পানিগুলোর প্রধান আকর্ষণে পরিণত হয়েছে চীন। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে তামাকজনিত স্বাস্থ্য বিষয়ক উদ্বেগের কেন্দ্রেও রয়েছে দেশটি। চায়না টোবাকো কন্ট্রোল এসোসিয়েশন এর উপ-প্রধান জু গুইহাউয়ের বরাত দিয়ে বেইজিং নিউজ জানিয়েছে, "চীন তামাক ও তামাকজাত পন্যের বিজ্ঞাপনের ইস্যুটিকে গুরত্বের সঙ্গে নেবে।" তিনি বলেন, "অনেক পরে এসে চীন তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের কাজ শুরু করতে যাচ্ছে এবং ধূমপান বন্ধে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জাতীয় আইনের অভাব।" চীন পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ করলেও দেশটির রেস্টুরেন্টের মতো অনেক জনসমাগমের এলাকায় এখনও ধূমপানের অনুমতি রয়েছে। তাছাড়া এখনোও দেশটির বিভিন্ন হাসপতালে পর্যন্ত লোকজনকে ধূমপান করতে দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সোমবার বলেছে, চীনের প্রয়োজন ধূমপানের লাগাম টেনে ধরা। নতুবা এ অভ্যাসটি ২০২০ সাল নাগাদ ২২ লাখ লোকের প্রাণ কেড়ে নিতে পারে। বিশ্বের সবচেয়ে সস্তা সিগারেটগুলোর মধ্যেও অন্যতম চীনা সিগারেট। মাত্র ০.০৮ মার্কিন ডলারে পাওয়া যায় এক প্যাকেট চীনা সিগারেট। চীনের স্টেট টোবাকো মনোপলি'র এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বছরের প্রথম দিকে সতর্ক করে বলেন, চীনে ধূমপান এমন ব্যাপক মাত্রায় ছড়িয়েছে যে তা কমিয়ে আনার প্রচেষ্টায় সামাজিক স্থিতিশীলতা ভেঙ্গে পড়তে পারে । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩০৭ ঘ.