ওয়াশিংটন, আগস্ট, ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অনেক বিতর্কের পর পদত্যাগ করেছেন মার্কিন এটর্নি জেনারেল আলবার্তো গঞ্জালেস। নিউইয়র্ক টাইমস পত্রিকা সোমবার ঊর্ধ্বতন এক প্রশাসনিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তাদের ওয়েবসাইটে একথা জানিয়েছে।
ওই কর্মকর্তা সোমবার দিনশেষেই গঞ্জলেসের পদত্যাগের ঘোষণা আসার কথা জানান। এ খবরের ব্যাপারে বিচার বিভাগের কর্মকর্তাদের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রেসিডেন্ট বুশের অনুগত ৫১ বছর বয়স্ক এই এটর্নি জেনারেলের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক ছিল। তার ওপর বুশের ৮ জন ফেডারেল কৌসুলিকে বরখাস্ত করার ঘটনা নিয়ে রাজনৈতিক তর্কবিতর্কের মূলেও ছিলেন গঞ্জালেস। ওই বরখাস্তের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে কংগ্রেস অভিযোগ করে আসছে।
প্রশাসনিক ওই কর্মকর্তা টাইমস পত্রিকাকে জানান, "গঞ্জালেস গত শুক্রবার বুশকে ফোনে পদত্যাগ করবেন বলে জানান।"
উল্লেখ্য, ১৯৯০ সালে টেক্সাসের গভর্নর থাকাকালে গঞ্জালেস বুশের সঙ্গে কাজ করেছেন। ২০০৫ সালের ফেব্র"য়ারিতে এটর্নি জেনারেল হওয়ার আগে গঞ্জালেস হোয়াইট হাউসে বুশের আইনজীবী হিসাবেও কাজ করেছেন।
যুদ্ধবন্দিদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে জেনেভা কনভেনশন অনেকাংশেই পুরোনো হয়ে গেছে--- এমন কথা লিখে গঞ্জালেস সমালোচনার শিকার হন। সেইসঙ্গে ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর মার্কিন নাগরিকদের ফোনে আড়িপাতা কর্মসূচির জন্যও গঞ্জালেস সমালোচিত হয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৮ঘ.
bdnews24