২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধে আরও ধৈর্য ধরার আহ্বান বুশের

ইরাক থেকে অবিলম্বে সেনা প্রত্যাহারের জন্য ক্রমবর্ধমান চাপে থাকা মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শনিবার এ যুদ্ধে মার্কিনিদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, গত দুমাসে ইরাক পরিস্থিতির উন্নতি ঘটেছে। সাপ্তাহিক বেতার ভাষণে বুশ বলেন, "গত দু' মাসের সফলতায় এটি পরিষ্কার যে, সেখানকার অবস্থা পরিবর্তন হতে পারে এবং তা হচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 10:46 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ক্রাফোর্ড, টেক্সাস, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক থেকে অবিলম্বে সেনা প্রত্যাহারের জন্য ক্রমবর্ধমান চাপে থাকা মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শনিবার এ যুদ্ধে মার্কিনিদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, গত দুমাসে ইরাক পরিস্থিতির উন্নতি ঘটেছে। সাপ্তাহিক বেতার ভাষণে বুশ বলেন, "গত দু' মাসের সফলতায় এটি পরিষ্কার যে, সেখানকার অবস্থা পরিবর্তন হতে পারে এবং তা হচ্ছে।" তিনি আরও বলেন, "যে নতুন কৌশল আমরা সেখানে প্রয়োগ করছি তার সফলতা রাতারাতি পেয়ে যাব, এমনটি আশা করতে পারি না।" ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্ট বুশকে তার দল রিপাবলিকান পার্টির এক শীর্ষ আইনপ্রণেতা এবং বিরোধী ডেমোক্রাটরা চাপ দিয়ে আসছেন। বুশকে তাদের এ চাপ প্রয়োগর উদ্দেশ্য ইরাক সরকারকে এ বিষয়টি পরিষ্কার করা যে, যুক্তরাষ্ট্রের প্রতিশ্র"তি বিতর্কিত নয়। এ সপ্তার প্রথম দিকে বুশ ইরাক ছেড়ে আসার পরিণতি সম্পর্কে সতর্ক করে দেন। মার্কিন সেনা প্রত্যাহারের পরিণতিতে তিনি কম্বোডিয়ার খেমার রুজদের উত্থান এবং ভিয়েতনামের সহিংসতার দৃষ্টান্ত উপস্থাপন করেন। তবে বুশ স্বীকার করেন যে, ইরাকে সহিংসতা মোকাবিলায় সেনা সংখ্যা বৃদ্ধি করা হলেও রাজনৈতিক লক্ষ্য অর্জনে সরকারের ব্যর্থতার জন্য সেখানে বাড়ছে হতাশা। বুশ যুক্তি দেখিয়ে বলেন, এখনও তরুণ ছেলেরা ইরাকি সেনাবাহিনীতে নাম লেখাচ্ছে, রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ও ইরাকি সেনাবাহিনী দুপক্ষই বেশি বেশি অভিযান চালাচ্ছে। গত বৃহস্পতিবার বুশের নিজের দল রিপাবলিকান পার্টির সামরিক বিষয়ক উপদেষ্টা ও ভার্জিনিয়ার সিনেটর জন ওয়ার্নার আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রাথমিকভাবে পাঁচ হাজার সেনা প্রত্যাহারের যুক্তি তুলে ধরেন। সেনা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত একটি সময়সীমা ঠিক করার পক্ষপাতী নন ওয়ার্নার। যদিও তা করার জন্য ডেমোক্রাটরা আগামী মাসে বুশের ওপর জোরাল চাপ প্রয়োগ করবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে, আগামী তিন সপ্তাহের মধ্যে ইরাক যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন জমা দেওয়ার কথা ইরাকে মার্কিন সেনা কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস এবং ইরাকে মার্কিন রাষ্ট্রদূত রেয়ন ক্রোকারের। ধারণা করা হচ্ছে, ওই প্রতিবেদন যুক্তরাষ্ট্রের ইরাক নীতি পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২৩ঘ.