২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়ার বন্যায় ৬০০ জন নিহত

উত্তর কোরিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬০০ লোক নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা শনিবার একথা জানিয়েছে। এর আগে উত্তর কোরিয়া তাদের সরকারি সংবাদ মাধ্যমের রিপোর্টে বলেছিল এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে জানিয়েছিল যে, এ মাসের কয়েক সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩০০ লোক নিহত হয়েছেন বা নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 09:08 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

সউল, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬০০ লোক নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা শনিবার একথা জানিয়েছে। এর আগে উত্তর কোরিয়া তাদের সরকারি সংবাদ মাধ্যমের রিপোর্টে বলেছিল এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে জানিয়েছিল যে, এ মাসের কয়েক সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩০০ লোক নিহত হয়েছেন বা নিখোঁজ রয়েছেন। সরকারি বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, "অস্বাভাবিক ভারী বর্ষণে ডিপিআরকে'র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নজিরবিহীন সমস্যা সৃষ্টি হয়েছে জনগণের জীবনযাত্রা ও অর্থনৈতিক অগ্রগতিতে।" উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রাটিক পিপল'স রিপাবলিক অফ কোরিয়া (ডিপিআরকে)। শনিবার রাতের এক প্রতিবেদনে কেসিএনএ জানায়, "সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স ব্যুরোর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে মুষলধারে বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং ভূমিধসের ফলে কমপক্ষে ৬০০ লোক নিহত বা নিখোঁজ হয়েছেন এবং আহত হয়েছেন হাজার হাজার লোক।" প্রতিবেদনে কেসিএনএ বলেছে, বন্যায় উত্তর কোরিয়ার দক্ষিণাঞ্চলের অর্ধেক এলাকার হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে। ঘর-বাড়ি ছাড়া হয়েছেন তিন লাখের বেশি লোক। আর পানিতে ধুয়ে গেছে খাদ্য সঙ্কটে জর্জরিত দেশটির ১১ শতাংশ আবাদী জমি। কেসিএনএ শনিবার জানায়, বন্যায় শত শত বিদুতের খুটি ভেঙ্গে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কয়লা খনিগুলোতে। তাছাড়া কয়েকটি মহাসড়কের বিভিন্ন সেকশনও বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। এদিকে, উত্তর কোরিয়ার কৃষিকাজের উপর দক্ষিণ কোরিয়ার একজন বিশেষজ্ঞ বলেছেন, দেশটি ব্যাপক খাদ্য ঘাটতির সম্মুখীন হবে। তবে গত দশকে শষ্য উৎপাদন বৃদ্ধি পাওয়ায় শিগগিরই তাদের দুর্ভিক্ষের সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম। উল্লেখ্য, ১৯৯০ দশকের মধ্য থেকে শেষ ভাগ পর্যন্ত হওয়া এক দুর্ভিক্ষে উত্তর কোরিয়ার দুই কোটি ৩০ লাখ লোকের প্রায় ১০ শতাংশ লোক মারা গিয়েছিল। বন্যা, খরা ও কৃষি খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলে সৃষ্টি হয়েছিল ওই দুর্ভিক্ষ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/