হায়দারাবাদ, ভারত, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দারাবাদে শনিবার কয়েক মিনিটের মধ্যে তিনটি বিস্ফোরণে অন্তত ৪৩ ব্যক্তি নিহত হয়েছেন। নগরীর লুম্বিনি বিনোদন পার্কে দুটি বিস্ফোরণ হয়েছে। অপর বিস্ফোরণটি হয় একটি রাস্তার পাশে এক খাবারের দোকানে।
এ ঘটনায় রাজধানী নয়া দিল্লি ও হায়দারাবাদসহ ভারতের বিভিন্ন শহরে সতর্কতা জারি করা হয়েছে।
রাজ্য সরকার বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে।
প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বিস্ফোরণে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, আজ (শনিবার) সন্ধ্যার তিনটির মধ্যে অন্তত একটি বোমার বিস্ফোরণ।
শহরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা চন্দ্রবদন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে বলেন, "এ পর্যন্ত আমি ৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারবো।"
এর আগে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, "দশ মিনিটের ব্যবধানে দু দুটি বিস্ফোরণ ঘটেছে।"
হায়দারাবাদের পুলিশ কমিশনার বালবিন্দর সিং বলেন, "বিস্ফোরণগুলো প্রায় একই সঙ্গে হয়েছে। আমরা এখন নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছি।"
পুলিশ জানায়, নগরীর লুম্বিনি পার্কে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের দিকে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখানে লেজার শো দেখানো হয়। পুলিশের ধারণা তাৎক্ষণিকভাবে তৈরি বোমার বিস্ফোরণ ছিল এগুলো। এতে ঘটনাস্থলেই ৭ জন মারা যান। অপর ৩ জন মারা যান হাসপাতালে। তাদের অধিকাংশই কলেজ ছাত্র বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, লুম্বিনি পার্ক এবং নগরীর একটি সিনেমা হল থেকে অবিস্ফোরিত আরও চারটি বোমা উদ্ধার করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, সবচেয়ে মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাস্তার পাশে একটি খাবরের দোকানে। সেখানে ২৪ জন প্রাণ হারান।
পুলিশ জানায়, দুটি ঘটনায় অন্তত ৫০ ব্যক্তি আহত হয়েছেন।
এর আগে মে মাসে হায়দারাবাদে একটি ঐতিহাসিক মসজিদে বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হন। এ ঘটনার পর পুলিশ বিক্ষোভ মিছিলে গুলি চালালে আরও ৫ জন নিহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/০০০৩ ঘ.
bdnews24