ইসলামাবাদ, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের একটি দুর্নীতিবিরোধী আদালত শনিবার সে দেশের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার শুনানি স্থগিত করেছে। আদালত বলেছে, নওয়াজ শরীফকে হাজির করতে হবে।
শরীফের বিরুদ্ধে দুর্নীতি মামলা পুনরুজ্জীবিত করতে সরকার আদালতে আবেদন জানায়। গত সপ্তাহে আদালত সরকারের আবেদন গ্রহণ করে।
পাকিস্তানের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার ভুট্টো রয়টার্সকে বলেন, "সুপ্রিম কোর্ট অভিযুক্তকে দেশে ফেরার অনুমতি দিয়েছে। সুতরাং আদালত তার দেশে পৌছানো পর্যন্ত অপেক্ষা করবে।"
আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৭ সেপ্টেম্বর। অবশ্য নওয়াজ দেশে ফিরবেন বলে জানালেও কবে ফিরবেন সেটা এখনো ঠিক করেননি।
এর আগে বৃহস্পতিবার নওয়াজ শরীফের একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে দেশের ফেরার এবং নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেয়। এ রায়ের পরে নওয়াজ জানান, তিনি শিগগিরই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা জানান, নওয়াজের দেশে ফেরা এবং নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি মুশাররফের জন্য দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রয়াসকে আরও জটিল করে দিতে পারে।
জেনারেল পারভেজ মুশাররফ ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ সরকারকে উৎখাত করেন। ওই সময় মুশাররফ সেনাপ্রধান ছিলেন। পরে তিনি প্রেসিডেন্ট হন।
সেনা অভ্যুত্থানের পর নওয়াজের বিরুদ্ধে দুর্নীতি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করা হয়। ছিনতাই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ডও হয়েছে। এখন দেশে ফিরলে তাকে শাস্তি ভোগ করতে হবে বলে সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন।
সুপ্রিম কোর্টের রায়ের পর অ্যাটর্নি জেনারেল মালিক আবদুল কাইয়ুম জানান, যদি ১০ বছরের নির্বাসনের চুক্তি অসিদ্ধও হয় তবুও নওয়াজকে কারাদণ্ড ভোগ করতে হবে। কারণ তিনি দেশ ত্যাগ করে ছিনতাই মামলায় দেওয়া সাজা এড়িয়ে গেছেন।
২০০০ সালে মুশাররফ সরকার জানায়, ১০ বছর নির্বাসনে কাটানোর ব্যাপারে নওয়াজের সঙ্গে একটি চুক্তি হওয়ায় তাকে বিদেশ যেতে অনুমতি দেওয়া হয়েছে। ওই বছরই নওয়াজ ও তার ভাই শাহবাজকে নির্বাসনে সৌদি আরবে পাঠানো হয়। তবে নওয়াজ শরীফ এ ধরণের চুক্তির কথা অস্বীকার করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭২৬ ঘ.
bdnews24