দিয়ারবাকির, তুরস্ক, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সেনাবাহিনী ও কুর্দি বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই সেনা ও ১০ গেরিলা নিহত হয়েছে। সেনা সূত্রগুলো শনিবার একথা জানিয়েছে।
ইরাক সীমান্তবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশে গত তিন দিন ধরে চলমান এ সংঘর্ষে আরও এক তুর্কি সেনা আহত হয়েছে।
সেনা সূত্রগুলো জানায়, উত্তর ইরাকে অবস্থিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিরা সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে। তাই সীমান্তে সেনাবাহিনী তার অবস্থান শক্তিশালী করেছে।
তুরস্কের প্রধানত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় একটি স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৪ সাল থেকে যুদ্ধ করে আসছে পিকেকে গেরিলারা।
এদিকে পিকেকে গেরিলাদের দমন করতে অঞ্চলটিতে দুই লাখেরও বেশি সেনা মোতায়েন করে রেখেছে তুর্কি সরকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৫২৫ঘ.
bdnews24