২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে দাবানলে ৪১ জন নিহত, দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন

গ্রিসের পেলোপেনীয় উপদ্বীপে আগুনে পুড়ে শুক্রবার কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে এবং বহু ঘরবাড়ি, খামার ও কয়েক হাজার একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। গ্রিসে কয়েক দশকের মধ্যে ভয়াবহতম এ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবেলায় দেশটির লাকোনিয়া ও মেসিনিয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 07:27 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

এথেন্স, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গ্রিসের পেলোপেনীয় উপদ্বীপে আগুনে পুড়ে শুক্রবার কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে এবং বহু ঘরবাড়ি, খামার ও কয়েক হাজার একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। গ্রিসে কয়েক দশকের মধ্যে ভয়াবহতম এ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবেলায় দেশটির লাকোনিয়া ও মেসিনিয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে সরকার। দাবানল নেভাতে ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি সাহায্য চেয়েছে গ্রিস। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। গ্রিসের দমকল বিভাগের মুখপাত্র নিকোস দিয়ামান্দিস জানান, দমকল কর্মীরা সারারাত ধরে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার সকালে আগুন নেভানোর কাজে সেখানে প্রায় ৫০০ সেনার যোগ দেওয়ার কথা। বনাঞ্চলে দমকল কর্মীদের মতোই একইসঙ্গে হেলিকপ্টার ও বিমান থেকে পানি ফেলে দাবানল নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তপক্ষ। দিয়ামান্দিস জানান,"কমপক্ষে ৪১ জনের মৃত্রুর বিষয়ে নিশ্চিত হয়েছি আমরা। এছাড়া আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, তবে তাদের সম্পর্কে আমরা নিশ্চিত নই।" পেলোপেনীয় উপদ্বীপের একেবারে দক্ষিণে অ্যারিওপোলিস শহরের কাছে দুই দমকল কর্মীসহ ছয় ব্যক্তি মারা যান। সেখানে বহু ঘরবাড়ি, খামার এবং বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে পুড়ে গেছে। নিহতদের মধ্যে দুজন ফরাসী পর্যটক রয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। উপদ্বীপের পশ্চিম উপকূলে জাখারো অঞ্চলে মারা যান আরও ১১ জন। এদের মধ্যে কমপক্ষে ছয়জন সেখান দিয়ে গাড়িতে করে যাচ্ছিল। এছাড়া পশ্চিমাঞ্চলে আরও ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে বলে জানান কর্মকর্তারা। গ্রিক টেলিভিশনকে স্থানীয় এক বাসিন্দা জানান," চোখের সামনে আমাদের ঘরবাড়ি পুড়ে যাচ্ছে। আশপাশের বাড়িঘরে কেউ আটকা পড়েছে কি না তা খুঁজে দেখছি আমরা। আমাদের সাহায্য দরকার।" তিনি বলেন," আমাদের কোনো আশা নেই। তারা আমাদেরকে ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছে।" পেলোপেনীয় উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে শুরু করে ৮০ কিলোমিটার দক্ষিণ পর্যন্ত মানি অঞ্চলের বহু গ্রামের বাসিন্দারা সাহায্যের জন্য আবেদন করেছেন। এদিকে গ্রিসের প্রধানমন্ত্রী কোস্টাস কারামানলিস ওই অঞ্চল সফরে গিয়েছেন এবং আগুন নেভানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার এবং সেখানে নতুন করে বনায়নেরও ঘোষণা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন,"আমাদের নাগরিকদের জানমালের এ ক্ষতিতে গভীর সমবেদনা জানাচ্ছি আমি। এটা আমাদের সবার জন্য এক কঠিন সময়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৫০ ঘ.