কিয়েভ, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইউশচেঙ্কো শুক্রবার সংবিধান পরিবর্তন করে সে দেশে আবারও প্রেসিডেন্টের ক্ষমতা পুনর্বহাল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনের পর এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন।
সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের ১৬তম বার্ষিকীর অনুষ্ঠানের ভাষণে তিনি বলেন, সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি সংবিধান পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশোধিত সংবিধান গণভোটের মাধ্যমে অনুমোদন করা হবে।
পশ্চিমাপন্থী ইউশচেঙ্কো ২০০৪ সালে নির্বাচনী প্রতারণার প্রতিবাদে সংগঠিত 'অরেঞ্জ রেভ্যুলেশনের' মধ্য দিয়ে ক্ষমতায় আসেন। ওই সময় প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচনে তিনি বর্তমান প্রধানমন্ত্রী ইয়ানুকোভিচকে পরাজিত করেন। তবে এক বছর আগে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে মস্কো সমর্থিত ইয়ানুকোভিচ প্রধানমন্ত্রী হন। কিন্তু গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে প্রেসিডেন্ট ইউশচেঙ্কো পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন ঘোষণা করেন।
ইউশচেঙ্কো বলেন, ৩০ সেপ্টেম্বরের নির্বাচন দেশের ৪ কোটি ৭০ লাখ মানুষের ক্ষমতার অধিকার ফিরে পাওয়ার একটি সুযোগ। ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে ইয়ানুকোভিচের সঙ্গে প্রেসিডেন্টের দীর্ঘ দিনের ক্ষমতার দ্বন্দ্বের অবসান হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, "আমি জানি কিভাবে ইউক্রেনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়। সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা সে প্রক্রিয়া শুরু করবো।"
তিনি বলেন, "আমি সংবিধান পরিষদ গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছি। এ পরিষদ ইউক্রেনের নতুন খসড়া সংবিধান প্রণয়ন করবে।"
ইউশচেঙ্কো আরও বলেন, "রাতারাতি এ খসড়া তৈরি সম্ভব নয়। তবে এ প্রক্রিয়াকে কেউ বিলম্বিত করতে পারবে না।"
২০০৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউশচেঙ্কো পশ্চিমা দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন এবং পর্যায়ক্রমে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোতে যোগ দেওয়া উচ্চাকাঙ্খী পরিকল্পনা নেন।
৩০ সেপ্টেম্বর নির্বাচন সামনে রেখে জনমত জরিপগুলোতে দেখা গেছে, ইয়ানুকোভিচ এগিয়ে আছেন। তবে প্রেসিডেন্টের মিত্র দলগুলোও কাছাকাছি রয়েছে।
অরেঞ্জ রেভল্যুশনের সময়কার পার্লামেন্টে পাস হওয়া সমতাবিধানকারী সংশোধনীগুলো পরিবর্তনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন প্রেসিডেন্ট ইউশচেঙ্কো।
অবশ্য ইউক্রেনের আইন অনুযায়ী, সংবিধানের যে কোন পরিবর্তন পার্লামেন্টে দুই তৃতীয়াংশ ভোটে অনুমোদন পেতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮০৫ ঘ.
bdnews24