তেহরান, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সন্দেহ দূর করার পথ খুঁজতে এবং এ ব্যাপারে সহযোগিতা করতে একমত হয়েছে ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। আইএইএ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ পদক্ষেপকে মাইলফলক হিসাবে উল্লেখ করে এর প্রশংসা করেছেন। তবে আইএইএ'র সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তির অনেক 'সীমাবদ্ধতা' রয়েছে উল্লেখ করে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, জাতিসংঘ পরিদর্শকদের 'প্রভাবিত' করার চেষ্টা বাদ দেওয়া উচিত ইরানের। বুধবার ভিয়েনায় যুক্তরাষ্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা একথা জানান।
পশ্চিমা দেশগুলোর সন্দেহ দূর করতে ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনায় জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশ ও তদারকির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে ওই সহযোগিতা চুক্তি করে ইরান।
তেহরানে দুদিনব্যাপী আলোচনার পর সে দেশের পরমাণু কর্মসূচি নিয়ে নানা প্রশ্নের জবাব দিতে ইরান ও আইএইএ একটি নির্দিষ্ট সময় ঠিক করেছে। পশ্চিমাদের ধারণা, বেসামরিক কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু ইরান বরাবরই একথা অস্বীকার করে আসছে। তার দাবি, এই কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।
কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে, ইরানকে যদি জাতিসংঘের তৃতীয় দফা নিষেধাজ্ঞা এড়াতে হয় তাহলে তাকে জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের সহযোগিতা করার পাশাপাশি স্পর্শকাতর কার্যক্রম বন্ধ করতে হবে।
বৈঠক শেষে আইএইএ'র উপপরিচালক ওলি হেনোনেন বলেন, "আমাদের সামনে এখন একটি কর্মপরিকল্পনা রয়েছে। দুপক্ষের সম্মতিতেই এ পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। কাজগুলো কিভাবে করা হবে সে ব্যাপারে আমরা একমত হতে পেরেছি। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা একটা সময়ও নির্দিষ্ট করেছি।"
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। তবে এ প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে।"
হেনোনেন জানান, মঙ্গলবারের চুক্তিটি বাস্তবায়নের কাজ দ্রুত শুরু হবে। এ মাসের শেষ দিনগুলো ছাড়াও সেপ্টেম্বর ও অক্টোবরে কাজ চলবে। চুক্তির বিস্তারিত সেপ্টেম্বরের শুরুর দিকে অনুষ্ঠেয় আইএইএ'র বোর্ড সভায় পেশ করা রিপোর্টের সঙ্গে দেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে আন্তর্জাতিক আণবিক সংস্থায় মার্কিন রাষ্ট্রদূত গ্রেগরি স্কালট বলেন, "অবশ্যই আমরা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নানা প্রশ্নের জবাব পেতে যে কোন অগ্রগতিকে স্বাগত জানাই।"
ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "কিন্তু আইএইএর অতিরিক্ত প্রটোকলে স্বাক্ষর করতে ইরানের অসম্মতিসহ এ পরিকল্পনায় বেশ কিছু প্রকৃত সীমাবদ্ধতা রয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএসবি/১৯৪০ ঘ.
bdnews24