মিরানশাহ, পাকিস্তান, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আধাসামরিক বাহিনীর একটি সেনা চৌকিতে রকেট চালিত গ্রেনেড হামলা চালিয়ে বুধবার ৩ সেনাকে হত্যা করেছে জঙ্গিরা। পুলিশ একথা জানিয়েছে।
উত্তর ওয়াজিরিস্তানের বানু শহরের কাছে ওই সেনা চৌকিটিতে বুধবার সকালে পরপর কমপক্ষে তিনটি রকেট চালিত গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা।
বানু শহরের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আসলাম খাতক বলেন," আমাদের কাছে তিনজনের মৃত্যুর খবর আছে। নিহতদের সবাই আধাসামরিক বাহিনীর সেনা।"
তিনি জানান, হামলার পর প্রায় দেড়ঘন্টাব্যাপি লড়াই হয় জঙ্গিদের সঙ্গে তবে বাড়তি কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ইসলামাবাদের লাল মসজিদে সেনা অভিযানের পর থেকে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় প্রায় দুইশতাধিক ব্যক্তি নিহত হন। নিহতদের বেশিরভাগই পুলিশ ও সেনাসদস্য।
আফগান সীমান্তবর্তী অঞ্চলটিতে আলকায়েদা ও তালেবানদের শক্ত ঘাঁটি রয়েছে বলে অভিযোগ করে আসছে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩০০ ঘ.
bdnews24