বাগদাদ, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ১৯৯১ সালে দক্ষিণ ইরাকের শিয়া বিদ্রোহ দমনাভিযানের জন্য বিচারের সম্মুখীন হয়েছেন প্রয়াত ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাবেক সেনা কমান্ডারসহ তার ১৫ সহযোগী। এদের মধ্যে রয়েছেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এবং সাদ্দামের ব্যক্তিগত সচিব ও চাচাতো ভাই আলি হাসান আল মজিদ ওরফে 'কেমিক্যাল আলি'। মঙ্গলবার তাদেরকে বাগদাদের একটি আদালতে হাজির করা হয়।
১৯৯১ সালে কুয়েতে মার্কিন বাহিনীর কাছে সাদ্দাম সেনাবাহিনীর পরাজয়ের সময় দক্ষিণ ইরাকের শিয়া এবং উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলে প্রায় একইসময়ে ওই বিদ্রোহ শুরু হয়েছিল।
সেসময় অসামরিক লোকজনের ওপর রাষ্ট্রীয়ভাবে নিপীড়ন ও ব্যপক হত্যাযজ্ঞ চালানোয় মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ওই ১৫ জনকে।
অভিযুক্তদের তিনজন এর আগেই আনফালে ১৯৮৮ সালের কুর্দি গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অপর একটি মামলার আসামী। কুর্দি গণহত্যায় তাদেও অপরাধ প্রমাণিত হওয়ায় ইতিমধ্যেই ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন তারা।
কেমিক্যাল আলিসহ আনফাল মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা ওই মামলায় আপিল করে তার রায়ের অপেক্ষায় রয়েছেন। আপিলে হেরে গেলে শিয়া বিদ্রোহ দমনাভিযান মামলার রায়ের আগেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।
শিয়া বিদ্রোহ দমনাভিযান মামলায় প্রায় ৯০ জনের সাক্ষ্য গ্রহণ করবে আদালত। দমনাভিযানের সময়কার বেশকিছু অডিও টেপও শুনবে ওই আদালত। দমনাভিযানের পরপরই সাদ্দামের নির্দেশে সব সাক্ষ্যপ্রমাণ নষ্ট করে ফেলার চেষ্টা করায় অনেক প্রমাণই আদালতে উপস্থাপন করা সম্ভব হবে না।
১৯৮২ সালের দুজাইল গণহত্যার নির্দেশ দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ২০০৬ সালের ডিসেম্বরে ফাঁসিতে ঝুলিয়ে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৪৫ ঘ.
bdnews24