নয়া দিল্লি, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেছেন, তার দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়তে থাকায় তেল খাতে যে পরিমাণ ব্যয় হচ্ছে সেটা তাদের জন্য 'দুর্বহ বোঝা' হয়ে দাঁড়াচ্ছে। ফলে পরমাণু জ্বালানী বা অন্য উৎস থেকে জ্বালানী পাওয়ার জন্য ভারত সংকল্পবদ্ধ।
প্রধানমন্ত্রী সোমবার একটি জ্বালানী গবেষণা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।
মনমোহন সিং এমন এক সময় এ মন্তব্য করলেন যখন তার সরকার ২০০৪ সালে ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে সংকটজনক পরিস্থিতির মুখোমুখি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু জ্বালানী চুক্তির বিরোধিতা করছে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের সমর্থক বামপন্থীরা। তারা সমর্থন প্রত্যাহারের হুমকিও দিয়েছে।
প্রধানমন্ত্রী মনমোহন বলেন, "যেহেতু ভারত উচ্চ প্রবৃদ্ধির পথে তাই অপরিশোধিত তেল আমদানি খাতের খরচ আমাদের অর্থনীতির জন্য দুর্বহ বোঝা হয়ে যাবে।"
তিনি বলেন, "এ সময় বায়ু ও সৌর জ্বালানীর মত নবায়নযোগ্য জ্বালানীসহ প্রধানত তেল, গ্যাস, কয়লা, জলজ ও পরমাণু জ্বালানী উন্নয়ন আমাদের জন্য জরুরি।"
মনমোহন বলেন, "দীর্ঘ মেয়াদী প্রেক্ষাপটে পরমাণু ও সৌর জ্বালানী আমাদের জ্বালানী নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরণের ভূমিকা রাখতে পারে। পরমাণু জ্বালানী উন্নয়নের ব্যাপারে আমাদের সরকার তাই সংকল্পবদ্ধ।"
ভারতের তেল চাহিদার ৭০ ভাগ আমদানি করতে হয়। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে এশিয়া তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ ভারতের জন্য জ্বালানীর খরচ বড় ধরণের বোঝা হয়ে দাঁড়িয়েছে। গত ৪ বছর ধরে দেশটির গড় প্রবৃদ্ধির হার ৮ দশমিক ৬।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৯৪০ ঘ.
bdnews24