২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যামাইকায় আঘাত হেনে মেক্সিকোয় ধেয়ে যাচ্ছে হারিকেন ডিন

জ্যামাইকার দক্ষিণ উপকূলের ওপর দিয়ে বয়ে গিয়ে ক্রমশ মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ৪ মাত্রার হারিকেন ডিন। হারিকেনের প্রভাবে সামুদ্রিক জলোচ্ছ্বাসে রাজধানী কিংস্টনসহ উপকূলীয় এলাকা বন্যাপ্লাবিত হয়ে যায় এবং বহু গাছাপালা ও বাড়িঘরের ছাদ উড়ে যায়। এর আগে জ্যামাইকায় আঘাত হানার পথে ডিনের কবলে পড়ে কমপক্ষে ৯ ব্যাক্তি প্রাণ হারান ক্যারিবীয় অঞ্চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 09:00 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

কিংস্টন, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জ্যামাইকার দক্ষিণ উপকূলের ওপর দিয়ে বয়ে গিয়ে ক্রমশ মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ৪ মাত্রার হারিকেন ডিন। হারিকেনের প্রভাবে সামুদ্রিক জলোচ্ছ্বাসে রাজধানী কিংস্টনসহ উপকূলীয় এলাকা বন্যাপ্লাবিত হয়ে যায় এবং বহু গাছাপালা ও বাড়িঘরের ছাদ উড়ে যায়। এর আগে জ্যামাইকায় আঘাত হানার পথে ডিনের কবলে পড়ে কমপক্ষে ৯ ব্যাক্তি প্রাণ হারান ক্যারিবীয় অঞ্চলে। হারিকেনের ধ্বংসক্ষমতা নির্ণায়ক সর্বোচ্চ ৫ মাত্রার সাফির সিম্পসন স্কেলে হারিকেন ডিনের বর্তমান অবস্থাকে ৪ মাত্রার বলে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। তারা জানায় সোমবার কেইমান দ্বীপপুঞ্জ পেরিয়ে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের দিকে এগোনোর সময় আরও শক্তিশালী হয়ে তা প্রলয়ঙ্করী রূপ ধারণ করে ৫ মাত্রার হারিকেনে পরিণত হতে পারে। হারিকেন সেন্টার জানায় স্থানীয় সময় রোববার রাত ১১টায় ( গ্রিনিচ সময় সোমবার ০৩০০ ঘন্টায়) হারিকেনটির কেন্দ্র ছিল জ্যামাইকা থেকে ২১৫ কিলোমিটার পশ্চিম - উত্তরপশ্চিমে। এসময় ঘন্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছিল। জ্যামাইকার প্রধানমন্ত্রী পোর্টিয়া সিম্পসন মিলার দেশটিতে একমাসের জরুরি অবস্থা জারি করেছেন এবং ২৭ আগস্ট অনুষ্ঠেয় জাতীয় সাধারণ নির্বাচনের ওপর হারিকেনের প্রভাব নিয়ে আলোচনার জন্য মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। জ্যামাইকার উপকূলীয় এলাকায় প্রবল ঝড়ো বাতাস বইতে শুরু করার পরপরই সেখানকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রাজধানী কিংস্টনে প্রবল বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাসে বিদ্যুতের খুটিসহ বহু গাছপালা উপড়ে গেছে এব জনজীবন পুরোপুরি অচল হয়ে পড়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড়টির কেন্দ্র জ্যামাইকার দক্ষিণে অবস্থান করলেও শান্ত কেন্দ্রের বাইরের প্রবল ঘূর্ণি বাতাস দেশটির উপকূলীয় এলাকায় আঘাত হানে বলে জানান আবহাওয়াবিদরা। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় উপকূলীয় এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে এবং কিংস্টনের দক্ষিণে একটি ছোট্ট দ্বীপে নারীপুরুষসহ ১৭জন জেলের আটকা পড়ার খবর পাওয়া গেছে। কেইমান দ্বীপপুঞ্জ, মেক্সিকোর অংশবিশেষ এবং কিউবা, হাইতি ও বেলিজেও শক্তিশালী ঝড়ের সতর্ক সংকেত জারি আছে। স্যাটেলাইট থেকে নেওয়া তথ্যে আবহাওয়াবিদদের সর্বশেষ কম্পিউটার গ্রাফিক্সে দেখা গেছে হারিকেনটি মার্কিন উপসাগরের উপকূলকে পাশ কাটিয়ে মেক্সিকোর ইউকাতান উপকূলে আঘাত হেনে এবং ক্যামপেচে উপসাগর হয়ে সেন্ট্রাল মেক্সিকোয় আঘাত হানতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৪৫ ঘ.