বাগদাদ, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের শিয়া অধুষ্যিত দক্ষিণাঞ্চলীয় আল-মুথানা প্রদেশের গভর্নর সোমবার রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন। প্রদেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। এর আগে এ মাসের প্রথমে একইরকম ঘটনায় নিহত হয়েছিলেন আরেক ইরাকি গভর্নর।
তারা বলেন, রুমাইথা থেকে প্রাদেশিক রাজধানী সামাওয়া যাওয়ার পথে গভর্নর মোহাম্মেদ আলি আল-হাসানির গাড়িবহর রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হয়। বিস্ফোরণে গভর্নরের পাঁচ দেহরক্ষী আহত হয়েছেন।
হাসানিকে নিয়ে এই মাসে ইরাকের দুইজন শিয়া গভর্নর নিহত হলেন। ধারণা করা হচ্ছে, শিয়াদের অভ্যন্তরীণ বিবাদের জের ধরে এসব ঘটনা ঘটছে।
ইরাকে শিয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক দল সুপ্রিম ইসলামিক ইরাকি কাউন্সিল (এসআইআইসি) এর সদস্য ছিলেন হাসানি। দলটির সশস্ত্র শাখা 'বদর' এর সঙ্গে বিবাদ চলছে শিয়া নেতা মুকতাদা আল-সদরের মাহদি আর্মির।
এ মাসের প্রথম দিকে একইরকম আরেক ঘটনায় প্রাদেশিক পুলিশ প্রধানসহ নিহত হন দিওয়ানিয়া প্রদেশের গভর্নর খলিল জলিল হামজা। তিনিও এসআইআইসির সদস্য ছিলেন।
সোমবার ওই বোমা বিস্ফোরণের পর সামাওয়ায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৩০ ঘ.
bdnews24