২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্মি মুক্তির আলোচনা ভেস্তে গেছে : তালেবান

আফগানিস্তানে দক্ষিণ কোরিয়ার ১৯ জিম্মির মুক্তির ব্যাপারে তালেবানদের সঙ্গে কোরীয় প্রতিনিধিদলের আলোচনা ভেস্তে গেছে। শনিবার একজন তালেবান মুখপাত্র এ কথা জানিয়েছেন। মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ জানান, কোন ফলাফল ছাড়াই আলোচনা শেষ হয়ে গেছে এবং এখন জিম্মিদের ভাগ্য নির্ধারণ নিয়ে ভাবছেন তালেবান নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 12:12 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

কাবুল, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে দক্ষিণ কোরিয়ার ১৯ জিম্মির মুক্তির ব্যাপারে তালেবানদের সঙ্গে কোরীয় প্রতিনিধিদলের আলোচনা ভেস্তে গেছে। শনিবার একজন তালেবান মুখপাত্র এ কথা জানিয়েছেন। মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ জানান, কোন ফলাফল ছাড়াই আলোচনা শেষ হয়ে গেছে এবং এখন জিম্মিদের ভাগ্য নির্ধারণ নিয়ে ভাবছেন তালেবান নেতারা। দলনেতাসহ দুই পুরুষ জিম্মিকে হত্যা এবং দুই নারী জিম্মিকে মুক্তি দেওয়ার পর বাকী ১৯ জিম্মির মুক্তির ব্যাপারে আলোচনা চলছিল। মুখপাত্র ইউসুফ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন,"আমাদের প্রধান দাবি মেনে না নেওয়ায় কোনো সমাধান ছাড়াই আলোচনা শেষ হয়ে গেছে।" তিনি বলেন," আরও আলোচনা করে কোনো ফল হবে না এটা অবশ্য আমি মনে করি না। তবে আমরা এখন তাদের ভাগ্য নির্ধারণ নিয়ে তালেবান মজলিশে শুরার নেতাদের কাছ থেকে সিদ্ধান্তের অপেক্ষায় আছি।" ইউসূফ জানান, গত বৃহস্পতিবারই আলোচনা ভেঙ্গে গেছে। ওইদিনই আলোচনা শুরু হয় বলে খবর পাওয়া গিয়েছিল। গত সোমবার মুক্তি পাওয়া দুই নারী জিম্মি শুক্রবার দেশে ফিরে যান। দক্ষিণ কোরিয়ার খ্রিস্টান স্বেচ্ছাসেবক ২৩ সদস্যের ওই দলটি গত মাসে একটি যাত্রীবাহী বাসে করে কান্দাহার থেকে কাবুলে ফেরার পথে গজনী প্রদেশে তালেবানদের হাতে অপহৃত হয়। অপহরণের পর শর্ত না মানায় দুই পুরুষ জিম্মিকে হত্যা করে তালেবানরা। আফগানিস্তানে আটক তালেবান বন্দিদের মুক্তি দেওয়া না হলে বাকী ১৯ জিম্মিকেও মেরে ফেলার হুমকি দিয়েছে তারা। এর আগে মার্চ মাসে এক ইতালীয় সাংবাদিককে ছেড়ে দেওয়ার বিনিময়ে তালেবান বন্দিদের মুক্তি দেওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। ফলে এবার কিছুতেই কোনো প্রকার বন্দি বিনিময়ের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। কারজাই বলেছেন, এ ধরণের বন্দি বিনিময় কেবল আরও অপহরণকেই উৎসাহিত করবে। তালেবানদের সঙ্গে আলোচনা ভেঙ্গে যাওয়া সম্পর্কে মতামত জানার জন্য শনিবার কাবুলে দক্ষিণ কোরিয়ার কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কোরীয় সরকার বরাবরই বলে আসছে তালেবান বন্দিদের বিনিময়ে জিম্মি সংকট নিরসনে কাবুলের ওপর সউলের কোনো প্রকার চাপ নেই। আলোচনা ভেস্তে গেলে জিম্মিদের মুক্ত করতে প্রয়োজনে বলপ্রয়োগের সম্ভাবনা নাকচ করে দেয়নি আফগান কর্র্তপক্ষ। কিন্তু জিম্মিদের কয়েকভাগে বিভক্ত করে ভিন্ন ভিন্ন স্থানে রাখার কথা জানিয়ে তালেবানরা বলেছে যে বলপ্রয়োগের চেষ্টা করা হলে জিম্মিদের মারাত্মক পরিণতি হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি/১৮০১ ঘ.