আংকারা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- দুই ছিনতাইকারীর আত্মসমর্পণের মধ্য দিয়ে তুরস্কে বিমান ছিনতাই ঘটনার অবসান হয়েছে। ইস্তাম্বুলভিত্তিক আকাশ পরিবহণ সংস্থা অ্যাটলাস জেট এ তথ্য জানিয়েছে। ছিনতাই হওয়া বিমানটি তাদেরই।
অ্যাটলাস জেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা তানচে দোগানের ছিনতাইকারীদের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উড়োজাহাজটির ১৩৬ যাত্রী ও ৬ ক্রুর সবাই সুস্থ ও নিরাপদে রয়েছেন।
তুর্কি টিভি চ্যানেল সিএনএন টার্ক জানায়, অ্যাটলাস জেটের এই বিমানটি শনিবার সাইপ্রাস থেকে ইস্তাম্বুল যাওয়ার পথে ছিনতাই হয়। দুই ছিনতাইকারী বিমানটিকে ইরানে নিয়ে যাওয়ার জন্য চালককে বাধ্য করার চেষ্টা করে। কিন্তু চালক জ্বালানি নেওয়ার কথা বলে তুরস্কের আনতালিয়ায় অবতরণ করেন। (আরো তথ্যসহ-২)
তবে কারা কী কারণে উড়োজাহাজটি ছিনতাই করেছিল তা এখনো পরিষ্কার নয়। উত্তর সাইপ্রাসের পরিবহণমন্ত্রী সালেহ উসার দাবি করেছেন, দুই ছিনতাইকারী ইরানের নাগরিক। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে তারা বিমানটি ছিনতাই করে। তবে অন্য কোনো মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা যায়নি।
অ্যাটলাস জেট কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি আনতালিয়ায় অবতরণের পরপরই ছিনতাইকারীরা যাত্রীদের মধ্য থেকে নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু জরুরি নির্গমন পথ খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের প্রায় সবাই উড়োজাহাজ থেকে নেমে যান। দুই পাইলটও তাদের সঙ্গে বেরিয়ে যেতে সক্ষম হন। তবে ছিনতাইকারীরা ৪ যাত্রী ও দুজন ক্রুকে জিম্মি করে রাখে।
বেসরকারি টিভি চ্যানেল এনটিভি একজন যাত্রীর বরাত দিয়ে বলেছে, ছিনতাইকারীরা নিজেদের আল কায়েদা সদস্য বলে পরিচয় দেয়। আরেক যাত্রী বলেছেন, তারা আরবিতে কথা বলছিল এবং সিরিয়া যেতে চেয়েছিল।
যাত্রীরা জানিয়েছেন, ছিনতাইকারীদের হাতে কোনো অস্ত্র ছিল না। তবে একটি প্যাকেট ছিল যেটিকে বোমা বলে সন্দেহ করছিলেন তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/জেকে/১৭২৫ ঘ.
bdnews24