ফোনিক্স, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব আরিজোনায় মেরিন সেনাদের একটি তল্লাশি ও উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত এবং অপর একজন আহত হয়েছেন। সেনা কর্তৃপক্ষ শুক্রবার একথা জানিয়েছে।
ফার্স্ট লেফটেন্যান্ট রব ডোলান রয়টার্সকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সীমান্তবর্তী ইউমা প্রোভিং গ্রাউন্ডস এর কাছে একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় এইচএইচ-১এন 'হিউই' হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়।
ডোলান বলেন, উদ্ধারকর্মীরা রাতভর তল্লাশি চালিয়ে হেলিকপ্টারটি খুঁজে বের করেন। ঘটনাস্থলেই তিন মেরিন ও এক নৌ সেনা নিহত হন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আহত অপর মেরিন সেনাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১২০০ ঘ.
bdnews24