নয়া দিল্লি, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি বিরোধী এমপিদের বাধার মুখে ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভা ও নিম্ন কক্ষ লোকসভার অধিবেশন বৃহস্পতিবার মুলতবি করা হয়েছে। সরকার চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ নিয়ে পার্লামেন্টের দুই কক্ষকেই বিভ্রান্ত করেছে--- এ অভিযোগ এনে বিরোধী সদস্যরা হট্টগোল শুরু করেন।
বিক্ষুব্ধ পার্লামেন্ট সদস্যরা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের কেউ কেউ পার্লামেন্টকে বিভ্রান্ত করার দায়ে প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।
চুক্তিবিরোধী আইনপ্রেণেতারা সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট তুলে ধরেন। ওই সব রিপোর্টে মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ভারত নতুন করে পরমাণু পরীক্ষা চালালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক এ চুক্তিটি বাতিল করা হবে।
এমপিরা বলেন, যুক্তরাষ্ট্রের এ বক্তব্য ভারতের সার্বভৌমত্ব এবং পরমাণু নিরাপত্তার লঙ্ঘন।
চুক্তি বিরোধী ২০-২৫ জন এমপি পার্লামেন্টের দুই কক্ষের কেন্দ্রস্থলে জমায়েত হন। এসময় তারা মনমোহনের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। 'মনমোহন পদত্যাগ কর', 'মিথ্যাচার চলবে না' এবং 'দেশ বিক্রি বন্ধ কর' ইত্যাদি ধ্বনি দেন তারা।
এর আগে সোমবার মনমোহন সিং পার্লামেন্টের ভাষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিকে জাতীয় উন্নতির জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ বলে অভিহিত করেন। তিনি বলেন, এ চুক্তি বিশ্বসভায় ভারতের মর্যাদা বাড়াবে। সে দিনও প্রধানমন্ত্রীর ভাষণের আগে ওই চুক্তি বাতিলের দাবিতে পার্লামেন্টে তুমুল হট্টগোল হয়।
গত মাসে চূড়ান্ত হওয়া এ পরমাণু চুক্তির মাধ্যমে ৩০ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরমাণু জ্বালানি এবং পরমাণু সরঞ্জামাদি কেনার সুযোগ পাবে ভারত। কিন্তু চুক্তিটিকে অসম এবং ভারতের পরমাণু সার্বভৌমত্বের বিরোধী আখ্যা দিয়ে এর বিরোধিতা করে আসছে কংগ্রেস সরকারকে সমর্থন দেওয়া বামপন্থী জোট, প্রধান বিরোধী দল বিজেপিসহ অন্য কিছু দল।
অন্যদিকে, ভারত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করায় এবং দুইবার পরমাণু পরীক্ষা চালানোর পরও দেশটির সঙ্গে এ চুক্তি করায় তীব্র সমালোচনার মুখে পড়ে বুশ প্রশাসন। চুক্তিটি স্বাক্ষরের আগে একে অবশ্যই কংগ্রেসের অনুমোদন লাভ করতে হবে এবং ৪৫ সদস্যের পরমাণু সরঞ্জাম সরবরাহকারী গ্র"পের ছাড়পত্র পেতে হবে।
পরমাণু চুক্তি নিয়ে অভ্যন্তরীণ অসন্তোষ মোকাবেলায় এর আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, কংগ্রেস নেতৃত্বাধীন সরকার থেকে বামপন্থীরা সমর্থন প্রত্যাহার করে নিলেও ভারত - মার্কিন বেসামরিক পরমাণু চুক্তি থেকে সরে আসবেন না তিনি।
চুক্তিটিকে অসম এবং অন্যায্য বলে তা প্রত্যাখ্যান করেছে বামপন্থীরা। বামপন্থী নেতারা বলছেন, চুক্তিটিতে ভারতের পরমাণু সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করা হয়েছে এবং আমেরিকার আধিপত্যকে মেনে নেওয়া হয়েছে।
ঠিক একইরকম না হলেও কাছাকাছি অবস্থানে থেকে পরমাণু চুক্তির বিরোধিতা করছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭১৮ঘ.
bdnews24