তাইপে, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তাইওয়ানের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ন্যাশনালিস্ট পার্টির প্রার্থী মা ইং-জিও মঙ্গলবার সব দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। এর ফলে ২০০৮ সালে সাধারণ নির্বাচন করার জন্য তার পার্টির সামনে আর কোন বাধা থাকলো না। ওই একই সময় প্রেসিডেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হবে।
প্রেসিডেন্ট পদে অন্যতম প্রতিদ্বন্দ্বী এবং তাইপের সাবেক মেয়র মা জিও তার উজ্জ্বল ভাবমূর্তির জন্য খ্যাত। কিন্তু মাসে ৩ লাখ ৩৯ হাজার ডলার করে ৫ বছর ধরে সরকারি তহবিলের বিপুুল অর্থ তিনি নিজের ব্যাংক হিসাবে সরিয়েছেন- এ সন্দেহে ফেব্র"য়ারিতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
এর পর গত মাসে সরকারি কৌঁসুলিরা তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগও দায়ের করে।
তাইপে ডিস্ট্রিক্ট কোর্টের রায় ঘোষণার পর জিওয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ রায়। আশা করি বিচার ব্যবস্থা আমাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেবে। "
অভিযোগ দায়ের হওয়ার পর তাকে ন্যাশনালিস্ট পার্টির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে তিনি সব সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে আসছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24