২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক সাহায্য চায় বন্যায় ক্ষতিগ্রস্ত উ কোরিয়া

ভয়াবহ বন্যায় শ শ লোকের প্রাণহানিসহ অন্যান্য আরও অনেক ক্ষয়ক্ষতির মুখে আন্তর্জাতিক সাহায্য চায় উত্তর কোরিয়া। জাতিসংঘ খাদ্য সংস্থার একজন মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন। বছরের পর বছর খাদ্য সঙ্কট জর্জরিত উত্তর কোরিয়া মঙ্গলবার সকালে এক প্রতিবেদনে জানায়, বন্যার পানিতে তাদের লাখ লাখ হেক্টর কৃষিজমি তলিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

সউল, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভয়াবহ বন্যায় শ শ লোকের প্রাণহানিসহ অন্যান্য আরও অনেক ক্ষয়ক্ষতির মুখে আন্তর্জাতিক সাহায্য চায় উত্তর কোরিয়া। জাতিসংঘ খাদ্য সংস্থার একজন মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন। বছরের পর বছর খাদ্য সঙ্কট জর্জরিত উত্তর কোরিয়া মঙ্গলবার সকালে এক প্রতিবেদনে জানায়, বন্যার পানিতে তাদের লাখ লাখ হেক্টর কৃষিজমি তলিয়ে গেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) এশিয়া অঞ্চলের মুখপাত্র পল রিসলে বলেন, ক্ষতির পরিমাণ আমাদের অনুমানকে ছাড়িয়ে গেলে তা সত্যিই একটি জরুরি সমস্যা। ব্যাংকক থেকে টেলিফোনে রিসলে বলেন, আমাদের সাহায্যর জন্য উত্তর কোরীয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করার লক্ষ্যে জাতিসংঘের একটি দল পিয়ংইয়ং থেকে বন্যাকবলিত এলাকাগুলোর উদ্দেশ্যে মঙ্গলবার রওনা দিয়েছে। ২০০৬ সালে উত্তর কোরিয়ায় শক্তিশালী তিনটি ঝড় আঘাত হানে। পিয়ংইয়ংপন্থী একটি পত্রিকা জানিয়েছে, ঝড়ের ফলে সৃষ্ট বন্যায় আটশ'র বেশি লোক নিহত বা নিখোঁজ হয়। আর উত্তর কোরিয়া গত বছর ক্ষতির যে পরিমাণের কথা জানিয়েছিল এবারের বন্যায় ক্ষতি হয়েছে তার চেয়েও বেশি। এদিকে, দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, তারা ধারণা করছে গত বছরের চেয়ে এ বছরের বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হবে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সম্ভাব্য বন্যা সাহায্যর বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। কিন্তু পিয়ংইয়ংয়ের কাছ থেকে তারা কোনো অনুরোধ পায়নি। দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস জানিয়েছে, ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণের জন্য ২৪ ঘণ্টাই সতর্ক রয়েছে তারা। উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, বন্যায় কমপক্ষে আটশ' ভবন এবং পাঁচশ' ৪০টির বেশি সেতু ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইনের বেশ কয়েকটি সেকশন এবং ভাসিয়ে নিয়ে গেছে হাজার হাজার ঘর-বাড়ি। বন্যায় উত্তর কোরিয়ার দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাজধানী পিয়ংইয়ং এবং দেশটির সবচেয়ে বেশি ফসল উৎপাদনকারী এলাকাগুলোও তলিয়ে গেছে বন্যার পানিতে। আর ওইসব এলাকায় আগামী বেশ কয়েকদিন ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭১১ঘ.