নয়াদিল্লি, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারত শাসিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৯০ শতাংশ মানুষ চায় বিভক্ত কাশ্মির একটি অখণ্ড স্বাধীন দেশে পরিণত হোক। ভারতের একটি পত্রিকায় সোমবার প্রকাশিত এক জনমত জরিপ সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৪৭ সালে দেশ বিভাগের পর হিমালয়ের এ অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তান যুদ্ধ করেছে। আজাদ কাশ্মির ও জম্মু কাশ্মিরে ভাগ হয়েছে এ ভূখণ্ডটি। পাকিস্তান ও ভারত এখনও নিজেদের নিয়ন্ত্রণের পক্ষে যুক্তি দেখিয়ে আসছে। শ্রীনগরের ৮৭ শতাংশ উত্তরদাতা ভারত বা পাকিস্তান কোন পক্ষেই নয়।
জরিপে বলা হয়েছে, শহরের প্রধানত মুসলিম অধিবাসীদের মাত্র ৩ শতাংশ মনে করেন, কাশ্মিরের উচিত পাকিস্তানের অংশ হওয়া। আর সাত শতাংশের পছন্দ ভারতের শাসন।
তবে রাজ্যর শীতকালীন রাজধানী হিন্দু অধুষ্যিত জম্মুর ৯৫ শতাংশ অধিবাসী মনে করেন, কাশ্মিরের উচিত ভারতের নিয়ন্ত্রণে থাকা।
ভারত ও পাকিস্তান উভয় দেশই অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে। একইসঙ্গে তারা কাশ্মিরের স্বাধীনতার দাবিকে প্রত্যাখান করে আসছে। রাজা শাসিত সাবেক এ দেশটির প্রায় ৪৫ শতাংশ ভারত, প্রায় এক তৃতীয়াংশ পাকিস্তান এবং বাকি অংশ চীন নিয়ন্ত্রণ করছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার সোমবারের সংস্করণে প্রকাশিত জরিপটির জন্য শ্রীনগরের ২২৬ জন এবং জম্মুর ২৫৫ জন বাসিন্দার সাক্ষাৎকার নেয় দিল্লির সেন্টার ফর দা স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিস।
এ একই বিষয়ে ভারত ও পাকিস্তানের ২০ শহরে জরিপ চালানো হয়।
জরিপ সূত্রে জানা গেছে, কাশ্মির অঞ্চল নিয়ন্ত্রণে পাকিস্তানিদের চেয়ে ভারতীয়রাই বেশি আগ্রহী। শহরে বসবাসকারী ভারতীয়দের ৬৭ শতাংশ মনে করেন, নয়াদিল্লির উচিত অঞ্চলটির শাসন কাজ পরিচালনা করা। অপরদিকে ৪৮ শতাংশ পাকিস্তানি চায় অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিক ইসলামাবাদ।
তবে ৪৭ শতাংশ পাকিস্তানি কাশ্মিরের স্বাধীনতাকে সমর্থন করেন।
প্রাকৃতিক সৌন্দর্য ও দূর-অতীতের রক্তাক্ত ইতিহাসের জন্য পরিচিত কাশ্মিরের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় সেই ১৯৪৭ সালে। ওই সময় দেশ বিভাগের ডামাঢোলে হিন্দু শাসকরা অঞ্চলটিকে ভারতের সঙ্গে যুক্ত করবে, নাকি নতুন দেশ পাকিস্তানের সঙ্গে যুক্ত করবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন।
ভারতীয় কর্মকর্তারা বলছেন, ১৯৮৯ সালে স্বাধীনতার দাবিতে সশস্ত্র সংগ্রাম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ মারা গেছে। নিহত বা নিখোঁজের সংখ্যা প্রায় ৬০ হাজার বলে দাবি করে আসছে মানবাধিকার সংস্থাগুলো।
যদিও প্রতি ১০ জনের মধ্যে ৭ জন কাশ্মিরি এখন মনে করেন, ২০০২ সালের পর সেখানকার অবস্থার উন্নতি হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএসবি/১৭০২ ঘ.
bdnews24