২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল-কায়েদা হামলার হুমকিতে এখনও সতর্কবস্থায় নিউইয়র্ক

আল-কায়েদা নিউইয়র্কে হামলা চালাতে পারে-- ইসরায়েলি একটি ওয়েবসাইটে এমন ইন্টারনেট প্রতিবেদনের মুখে নিউইয়র্ক এখনও সতর্কবস্থায় রয়েছে। হামলার হুমকি ঠেকাতে শুক্রবার রাত থেকে শুরু হওয়া তল্লাশি অভিযান এখনও চলছে। 'তেজস্ক্রিয় পদার্থ' ফেলে হামলার হুমকির কারণে ম্যানহাটন বাণিজ্যকেন্দ্রসহ নিউইয়র্কের বিভিন্ন সেতু, টানেলে চেকপয়েন্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চলছে। আরও সতর্ক ব্যবস্থা হিসাবে হেলিকপ্টার, গাড়ি ও নৌযানগুলোতে বসানো হয়েছে 'তেজস্ক্রিয়তা নির্দেশক সেন্সর'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 07:26 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

নিউইয়র্ক, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল-কায়েদা নিউইয়র্কে হামলা চালাতে পারে-- ইসরায়েলি একটি ওয়েবসাইটে এমন ইন্টারনেট প্রতিবেদনের মুখে নিউইয়র্ক এখনও সতর্কবস্থায় রয়েছে। হামলার হুমকি ঠেকাতে শুক্রবার রাত থেকে শুরু হওয়া তল্লাশি অভিযান এখনও চলছে। 'তেজস্ক্রিয় পদার্থ' ফেলে হামলার হুমকির কারণে ম্যানহাটন বাণিজ্যকেন্দ্রসহ নিউইয়র্কের বিভিন্ন সেতু, টানেলে চেকপয়েন্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চলছে। আরও সতর্ক ব্যবস্থা হিসাবে হেলিকপ্টার, গাড়ি ও নৌযানগুলোতে বসানো হয়েছে 'তেজস্ক্রিয়তা নির্দেশক সেন্সর'। নিউইয়র্ক পুলিশের এক বিবৃতিতে বলা হয়, হুমকির বিষয়টি যাচাই করে নিশ্চিত হতে পারেননি তারা এবং সতর্কতামূলকভাবেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এ হুমকির কারণে নিউইয়র্কের নিরাপত্তা সতর্কতা সংকেত অপরিবর্তিত 'অরেঞ্জ এলার্টেই' থাকবে বলেও জানান তারা। নিউইয়র্কের একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, ইসরায়েলি ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ.দেবকা.কম এ প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে এ ব্যবস্থা নেয় পুলিশ। ওয়েবসাইটটিতে বলা হয়, আল-কায়েদার বিভিন্ন সাইটে হামলার পরিকল্পনা নিয়ে ব্যাপক আলাপচারিতার সন্ধান পেয়েছেন তারা। এমন একটি আলাপে 'আমেরিকার বৃহত্তম নগর এবং বাণিজ্যকেন্দ্রটিতে ট্রাকভর্তি তেজস্ক্রিয় পদার্থ ফেলে' হামলা চালানোর কথা বলা হয়। জেরুজালেম ভিত্তিক ইন্টারনেট নিউজ সাইট দেবকাফাইল জানায় আলকায়েদার আরেকটি বার্তায় নিউইয়র্ক, মিয়ামি ও লসএঞ্জেলসকে হামলার লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে, নিউইয়র্কের উচ্চতম ভবন অ্যাম্পায়ার স্টেট বিল্ডিং এবং ম্যাডিসন স্কোয়ার গার্ডেন সংলগ্ন ম্যানহাটানের ৩৪ নম্বর সড়কে একটি 'ডার্টি বোমা' ফেলা হতে পারে এমন খবরের ভিত্তিতেই সতর্কতামূলক ব্যবস্থা নেন তারা। এদিকে, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক মুখপাত্র নিউইয়র্কে হামলার হুমকি 'অসমর্থিত' বলে উল্লেখ করে বলেন " কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে আমরা এমন ধারণ করতে পারছি না যে মাতৃভূমির ওপর এ মূহুর্তে কোনো হামলার হুমকি রয়েছে"। নিউইয়র্কের মেয়র ব্লুমবার্গ বলেন," আজকের সন্ধ্যায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট যেসব পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে, নিউইয়র্কবাসীরা যা দেখছেন এগুলো ইন্টারনেটে পাওয়া একটি 'অসমর্থিত' হামলার হুমকি মোকাবেলায় নেওয়া হয়েছে।" তিনি বলেন 'সম্ভাব্য' কিন্তু 'অনিশ্চিত' হুমকি মোকাবেলায় এনওয়াইপিডি প্রতিদিন যেসব ব্যবস্থা নেয় এটিও তার মতোই একটি। তবে সন্ধ্যার আগে ম্যানহাটনের ৩৪ নম্বর সড়কের প্রাণকেন্দ্র হেরাল্ড স্কোয়ারে আসা লোকজনরা পুলিশের বাড়তি নিরাপত্তা নেওয়ার কোনো লক্ষণই দেখতে পাননি কিংবা তেমন কিছু হতে পারে বলেও অনুমান করতে পারেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১৩১৮ঘ.