সউল, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরিয়া সরকার শনিবার নিশ্চিত করেছে যে তালেবান গেরিলাদের সঙ্গে তারা প্রথমবারের মতো সরাসরি আলোচনা করেছে। তবে আলোচনার কোনো বিস্তারিত তারা জানায় নি। উল্লেখ্য, প্রায় এক মাস ধরে তালেবান গেরিলাদের কাছে জিম্মি রয়েছে দক্ষিণ কোরিয়ার ২১ জন নাগরিক।
এর আগে গত শুক্রবার আফগানিস্তানের একজন কর্মকর্তা জানান, গজনি প্রদেশে আফগান সরকারের নিয়ন্ত্রিত একটি এলাকায় আলোচনা হয়।
সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র সাংবাদিকদের বলেন, "দক্ষিণ কোরীয় সময় গত রাতের শেষ দিকে তালেবানদের সঙ্গে আমাদের প্রথম সরাসরি আলোচনা হয়েছে।"
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, অপহরণকারীদের দাবি পূরণের ক্ষেত্রে খুব কম সামর্থ্য রয়েছে সিউলের। কারাগারে আটক গেরিলাদের মুক্তির বিনিময়ে দক্ষিণ কোরীয় জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে দাবি জানিয়েছে তালেবানরা।
আফগানিস্তানে একটি মানবিক সাহায্য মিশনের জন্য দক্ষিণ কোরিয়ার ২৩ জনের একটি দলকে পাঠিয়েছিল সিউলের একটি খ্রিস্টান চার্চ। তাদের মধ্যে দুইজন পুরুষ জিম্মিকে হত্যা করেছে তালেবানরা। বাকি জিম্মিদের মধ্যে ১৮ জন হচ্ছেন নারী।
গত মার্চে একজন ইতালীয় সাংবাদিকের মুক্তির বিনিময়ে একদল তালেবান গেরিলাকে ছেড়ে দেওয়ার পর থেকে তীব্র সমালোচনার মুখে থাকা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকার কোনো প্রকার বন্দি বিনিময়কে প্রত্যাখান করে দিয়েছে।
আফগান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে জিম্মিদের উদ্ধারের জন্য শক্তি প্রয়োগ করা হবে এবং ইতিমধ্যেই গজনিতে সেনা পাঠানো হয়েছে।
এদিকে, দক্ষিণ কোরীয় জিম্মিদেরকে কয়েকটি ভাগে ভাগ করে আলাদা আলাদাভাবে রেখে দিয়েছে তালেবান গেরিলারা। একইসঙ্গে তারা বলে আসছে, জিম্মিদের মুক্ত করতে যে কোনো প্রকার শক্তি প্রয়োগ ঝুঁকির মধ্যে ফেলবে তাদের জীবনকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩২৭ঘ.
bdnews24