দুবাই, আগস্ট ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় ৬ বিদেশি চিকিৎসককে স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন করা হয়েছিল। শিশুদেহে ইচ্ছাকৃত এইচআইভি ভাইরাস সংক্রমণের দায় স্বীকার করতে তাদের বাধ্য করা হয়। লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফির এক ছেলে নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম এ কথা জানিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতার পর বুলগেরিয়ার ৫ জন নার্স এবং ফিলিস্তিনের এক জন চিকিৎসককে ৮ বছর আটক রাখার পর ২৪ জুলাই মুক্তি দেয় লিবিয়া।
সাইফ বলেন, "৬ বিদেশিকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। তাদের পরিবারের ওপর হামলার হুমকিও দেওয়া হয়।"
তিনি জানান, ওই চিকিৎসকরা লিবিয়ায় পৌঁছার আগেই কয়েকটি শিশু এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়। তাদের গ্রেফতারের পর একটি শিশুর দেহে সংক্রমণ ধরা পড়ে।
এর আগে মঙ্গলবার ফিলিস্তিনি চিকিৎসকের আইনজীবী রয়টার্সকে জানান, তাকে (চিকিৎসক) দায় স্বীকারের জন্য নির্যাতন করা হয়েছিল। এ ব্যাপারে তিনি জাতিসংঘের মানবাধিকার প্যানেলের কাছে অভিযোগ করবেন।
লিবিয়ার আদালত সে দেশের ৯ পুলিশ ও চিকিৎসককে নির্যাতনের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২০১৩ ঘ.
bdnews24