কাবুল, আগস্ট ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, তালেবান গেরিলারা দক্ষিণ কোরিয়ার নারীদের অপহরণ করে যে কলঙ্কের জন্ম দিয়েছে এর নজির আফগানিস্তানের ইতিহাসে নাই। এ ঘটনা জাতির জন্য লজ্জাজনক।
বৃহস্পতিবার আফগান-পাকিস্তান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কারজাই এ মন্তব্য করেন। তালেবান ও আল কায়েদা জঙ্গি দমনের উপায় খুঁজে বের করতে প্রতিবেশি দুই দেশের নেতারা বড় ধরনের এ বৈঠকে মিলিত হয়েছেন।
কারজাই বলেন, "অন্য একটি দেশের নারীরা আফগানিস্তানে এসে অপহরণের শিকার হয়েছেন। এটা দেশ ও জাতির জন্য ঐতিহাসিক লজ্জা ও অপমানজনক ঘটনা।"
তিনি আরও বলেন, " তালেবান, মুসলমান ও আফগানদের নামে আজ এ দেশের মাটিতে নারী অপহরণ হয়। আফগানিস্তানের ইতিহাসে নারী অপহরণের ঘটনা কখনও ঘটেনি।"
কারজাইয়ের এ মন্তব্য সম্পর্কে তালেবানদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।
প্রায় ৩ সপ্তাহ আগে আফগানিস্তানের গজনী প্রদেশ থেকে দক্ষিণ কোরিয়ার ২৩ খ্রিস্টান স্বেচ্ছাসেবককে অপহরণ করে তালেবানরা। এদের মধ্যে ১৮ জনই নারী। পরে অপহরণকারীরা দুই জন পুরুষ জিম্মিকে হত্যা করে। শর্ত অনুযায়ী কারজাই সরকার তাদের ৮ সহযোদ্ধাকে মুক্তি না দিলে সব জিম্মিকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে তারা।
এর আগে তালেবানরা একজন ফরাসি সাহায্যকর্মীকে অপহরণ করে। তবে কয়েক সপ্তাহ পরে তাকে ছেড়ে দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮৩৪ ঘ.
bdnews24