ওয়াশিংটন, আগস্ট ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- জর্জিয়ায় এ সপ্তায় রাশিয়ার রকেট হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ওই নিন্দা জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী সাউথ ওসেটা অঞ্চলে ঘটে যাওয়া ওই ঘটনার শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে মস্কো ও তিবিলিসিকে।
সোমবার জর্জিয়ায় তিবিলিসির একটি গ্রামে এক কৃষকের জমিতে আঘাত হানে রাশিয়ার ছোঁড়া প্রায় এক টন ওজনের একটি ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত না হলেও তা নিয়ে রাশিয়া ও জর্জিয়ার মধ্যে শুরু হয় বাকযুদ্ধ। ফলে পুরনো উত্তেজনা আবারও দেখা দেয় সোভিয়েত ইউনিয়নের সাবেক দুই সদস্য দেশের মধ্যে।
বুধবার রাতে ইসু করা তীব্র ভাষার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিন ম্যাককরম্যাক বলেন, "জর্জিয়ার বিরুদ্ধে ৬ আগস্টের রকেট হামলার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।"
বিবৃতিতে তিনি আরও বলেন, "আমরা এই বিমান হামলার পরও জর্জিয়ার সংযমের প্রশংসা করছি এবং ওই ঘটনার স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানাচ্ছি।"
ওই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫১০ঘ.
bdnews24