২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শুরুতে রেকর্ড ভাঙা চরম আবহাওয়া, বিশ্বব্যাপী দুর্যোগ

২০০৭ সালের প্রথম ভাগে সারা বিশ্বে রেকর্ড ভাঙা চরম আবহাওয়াজনিত নানান প্রাকৃতিক দুর্যোগ দেখা গেছে। এর মধ্যে রয়েছে এশিয়ার বন্যা, ইউরোপের অতি বর্ষণ ও তাপদাহ এবং দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার তুষারপাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 11:58 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

জেনেভা, আগস্ট ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- ২০০৭ সালের প্রথম ভাগে সারা বিশ্বে রেকর্ড ভাঙা চরম আবহাওয়াজনিত নানান প্রাকৃতিক দুর্যোগ দেখা গেছে। এর মধ্যে রয়েছে এশিয়ার বন্যা, ইউরোপের অতি বর্ষণ ও তাপদাহ এবং দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার তুষারপাত। মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানায়, ১৮৮০ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ভূ-পৃষ্ঠের তাপমাত্রা সম্ভবত এ বছর জানুয়ারি ও এপ্রিল মাসেই সবচেয়ে বেশি ছিল। জানুয়ারি ও এপ্রিলের গড় হিসাবে এ বছর এ দুই মাসের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। ডব্লিউএমও জানায়, এ বছর দক্ষিণ এশিয়ায়জুড়ে ভয়াবহ মৌসুমী বন্যা এবং উত্তর ইউরোপ, চীন, সুদান, মোজাম্বিক ও উরুগুয়েতে অস্বাভাবিক ভারী বৃষ্টি, দক্ষিণ-পূর্ব ইউরোপে প্রচণ্ড তাপদাহ আর দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় অস্বাভাবিক তুষারপাত দেখা গেছে। সংস্থার বিশ্ব জলবায়ু কর্মসূচির ওমর বাদ্দুর জেনেভায় সাংবাদিকদের বলেন, "চরম আবহাওয়ার ঘটনাগুলোর খুবই সক্রিয় সময় গেছে ২০০৭ সালের শুরুর দিকে।" বাদ্দুর বলেন, তাপ শোষণকারী কার্বন ডাইঅক্সাইডের অধিক নির্গমনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বাড়ার পরিপ্রেক্ষিতে অধিকাংশ বিজ্ঞানী মনে করছেন চরম আবাহাওয়াজনিত প্রাকৃতিক দুর্যোগ আরও বেশি করে দেখা দেবে। এ অবস্থায় ২০০৭ সালের দ্বিতীয়ার্ধ কেমন হবে সেটা নির্দিষ্ট করে বলা এখনই সম্ভব নয়। তিনি বলেন, "বছরের বাকি সময়ের আবহাওয়া সম্পর্কে পূর্বাভাস দেওয়া খুবই কঠিন।" জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের বিশেষজ্ঞদের প্যানেল দা ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) গত ৫০ বছর ধরে চরম আবহাওয়াজনিত ক্রমবর্ধমান দুর্যোগের ধরন রেকর্ড করে রেখেছে। তারা বলছে, সম্ভবত অস্বাভাবিক ধরনগুলো আরও বেড়ে যাবে। দক্ষিণ এশিয়ার স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে পড়েছে ভারত, বাংলাদেশ ও নেপালের তিন কোটি মানুষ। বন্যায় ঘনবসতিপূর্ণ এ অঞ্চলের ফসলি জমি, গবাদিপশু ও সম্পদ ধ্বংসের মুখোমুখি। এ ছাড়া স্বাস্থ্য সমস্যার আশঙ্কাও করা হচ্ছে। ডব্লিউএমও জানায়, ভারী বর্ষণে জুন মাসে প্লাবিত হয় চীনের দক্ষিণাঞ্চল। সেখানে বন্যা ও ভূমি ধসের কবলে পড়ে এক কোটি ৪০ লাখ লোক এবং মারা যায় ১২০ জন। ১৭৬৬ সাল থেকে রেকর্ড রাখার পর থেকে এ সময় পর্যন্ত ব্রিটেন ও ওয়েলসের আবহাওয়া সবচেয়ে বেশি আর্দ্র ছিল এ বছর মে ও জুন মাসে। এর ফলে সেখানে ব্যাপক বন্যা দেখা দেয়। বন্যায় ছয় বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ক্ষতি হওয়ার পাশাপাশি কমপক্ষে ৯ জন প্রাণ হারায়। মোজাম্বিকে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে ফেব্র"য়ারিতে। আর জুনে নীল নদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুদান। উরুগুয়েতে ১৯৫৯ সালের পর সবচেয়ে ভায়াবহ বন্যা হয়েছে মে মাসে। জুন ও জুলাই মাসে দক্ষিণ-পূর্ব ইউরোপের এবং মে মাসে পশ্চিম ও মধ্য রাশিয়ার তাপমাত্রার রেকর্ড ভেঙে যায়। ইউরোপের অনেক দেশে এপ্রিল মাস ছিল রেকর্ড পরিমাণ উষ্ণ। অন্যদিকে আর্জেন্টিনা ও চিলিতে জুলাই মাসে অস্বাভাবিক শীত পড়ে। আর ১৯৮১ সালের পর জুন মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম উল্লেখযোগ্য পরিমাণ তুষারপাত হয়েছে। চরম আবহাওয়ার ঘটনাগুলোর জন্য একটি আগাম সতর্কতা সিস্টেম স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে ডাব্লিউএমও এবং তার ১৮৮টি সদস্য রাষ্ট্র। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএসবি ১৭৪৬ ঘ.