ইসলামাবাদ, আগস্ট ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)---- পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ এখনও ক্ষমতা ও সেনা প্রধানের পদ ছাড়তে নারাজ। তিনি আবারও একই সঙ্গে দুই পদে বহাল থাকার সংকল্প ব্যক্ত করেছেন। রোববার করাচিতে সেনা কর্মকর্তা এবং মিত্র দলগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠকে মুশাররফ নতুন করে তার এই সংকল্পের কথা জানান। রাজনৈতিক মিত্রদের তিনি বলেন, চারটি প্রাদেশিক পরিষদ এবং পার্লামেন্টের দুই কক্ষের সমর্থনে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে চান।
মুশাররফের উদ্ধৃতি দিয়ে বৈঠক সূত্র জানায়, তিনি সাফ বলে দিয়েছেন, নির্বাচনে অংশ নিতে কোন নির্বাসিত নেতাকে দেশে ফিরতে দেওয়া হবে না। এ ছাড়া কোন পার্টির সঙ্গে নির্বাচনী চুক্তিও করা হবে না।
পর্যবেক্ষকরা মনে করেন, মুশাররফ সাবেক দুই প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও নেওয়াজ শরীফের প্রতি ইঙ্গিত করেই এ কথা বলেছেন ।
মুশাররফ ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে নেওয়াজ শরীফের সরকারকে হটিযে পাকিস্তানের ক্ষমতা দখল করেন। ওই সময় তিনি পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর সেনাবাহিনীর প্রধান ছিলেন।
পরে ২০০২ সালে এক বিতর্কিত গণভোটে তিনি ৫ বছর মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
মুশাররফ তার ভবিষ্যত নিয়ে সেনা কর্মকর্তা এবং তার মিত্র পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-কিউ) এবং মোহাজির কওমী মুভমেন্টের (এমকিউএম) ক্ষমতাসীন আইনপ্রণেতাদের সঙ্গে করাচির ওই বৈঠকে বলেন, প্রাদেশিক পরিষদের নির্বাচনের পর সেনা প্রধানের পদ নিয়ে আলোচনা হবে।
পাকিস্তানের বিরোধী দলগুলো চায় প্রেসিডেন্ট পদে থাকলে মুশাররফকে সেনা প্রধানের পদ ছাড়তে হবে।
বৈঠক সম্পর্কে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের ভাষ্য হলো, "নির্বাচনের ব্যাপারে সব রাজনৈতিক দলকে আস্থায় আনতেই ওই বৈঠক করা হয়েছে।"
মন্ত্রনালয় আরও বলেছে, "অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই।"
বিশ্লেষকরা বলছেন, সরকারিভাবে অস্বীকার করা হলেও প্রেসিডেন্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিছু কিছু বিষয়ে সমঝোতায় এসেছেন।
তাদের যুক্তি হচ্ছে, পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীকে পদচ্যুত করার ব্যর্থ প্রচেষ্টার পর থেকে মুশাররফ ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।
সুপ্রিম কোর্টের রায়ে শেষপর্যন্ত ইফতেখার চৌধুরী স্বপদে বহাল হয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭০২ ঘ.
bdnews24