দিলি, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পূর্ব তিমুরে বিতর্কিত নতুন সরকার নিয়োগের একদিন পর মঙ্গলবার সে দেশের বেশ কয়েটি এলাকায় বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে।
পুলিশ কমান্ডার ম্যাতিয়াস ফার্নান্দেস জানান, রাজধানী দিলি এবং পূর্বাঞ্চলীয় বাউকাউ ও ভাইকিউক এলাকায় বেশকিছু বিক্ষোভকারী রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা ঘরবাড়ি ও অফিসে হামলা চালায়।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে। এ ছাড়া ১৫ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পার্লামেন্ট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে সোমবার প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা সাবেক প্রেসিডেন্ট সানানা গুসমাওর নেতৃত্বাধীন জোটকে সরকার গঠনের আহ্বান জানান।
হোর্তার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে সাবেক ক্ষমতাসীন দল ফ্রেতিলিন পার্টি। দলটি প্রেসিডেন্টের এ সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে অভিহিত করেছে এবং চ্যালেঞ্জ করবে বলে ঘোষণা দিয়েছে। দলের সমর্থকরা সোমবার প্রেসিডেন্টের ঘোষণার পর পরই বিক্ষোভ শুরু করে।
পুলিশ কর্মকর্তা ফার্নান্দেস টেলিফোনে রয়টার্সকে বলেন, "রাজধানী দিলি এবং পূর্বাঞ্চলীয় বাউকাউ ও বাইকিউক এলাকার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।"
তিনি জানান, সহিংসতায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা কত জন হতাহত হয়েছে সেটা পুলিশ এখনও বিস্তারিতভাবে জানতে পারেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি২৩৩৮ ঘ.
bdnews24