শেখপুর, ভারত, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিহারের ২৩ বছরের রুপেশ কুমারকে যখন জিজ্ঞেস করা হলো হেলিকপ্টার থেকে ফেলা সরকারি ত্রাণ তার পরিবার পেয়েছে কিনা। তিনি অবিশ্বাসের হাসি হাসলেন। বললেন, আকাশ থেকে ত্রাণ? "এর কথা বলবেন না। বন্যা শুরুর পর গত ১৫ দিনে একটি হেলিকপ্টারও দেখিনি, এমনকি সরকারি একটি নৌকাও আসেনি এখানে।"
গরীব চাষি রুপেশ কুমারের চোখ তখন তার বাড়ির দিকে যাওয়ার রাস্তার ওপর। বন্যার কাদাজলের স্রোত বয়ে চলেছে রাস্তার ওপর দিয়ে।
ভারতের বানভাসি ক্ষুধার্ত মানুষের অভিযোগ তাদের কাছে এখনও সরকারি ত্রাণ পৌঁছায়নি।
এবারের বন্যাকে সে দেশের মানুষ স্মরণকালের ভয়াবহ বন্যা বলে উল্লেখ করছেন।
মঙ্গলবার জাতিসংঘের শিশুসংস্থা ইউনিসেফ হুঁশিয়ার করে বলেছে, কয়েকদিনের মধ্যে দক্ষিণ এশিয়ার বানভাসিদের জন্য জরুরি সহায়তা না পাঠালে লাখ লাখ মানুষ ম্যালিরিয়া, ডেঙ্গু জ্বর এবং অন্যসব পানিবাহিত রোগে আক্রান্ত হবে।
ইউনিসেফ জানায়, ভারত, বাংলাদেশ ও নেপালে মওসুমী বর্ষণে সৃষ্ট বন্যায় আটকে যাওয়া পানি এখন ডায়রিয়াজনিত এবং পানিবাহিত রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গুসহ নানান রোগ জন্মানোর 'উর্বর ক্ষেত্র'।
কর্মকর্তারা জানান, এবারের বন্যায় ভারতে ৩ কোটি এবং বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ বন্যাকবলিত হয়েছে। এর মধ্যে ভারতের বিহারেই এক কোটি মানুষ বন্যাকবলিত।
কর্মকর্তারা জানান, বন্যা শুরুর পর থেকে এ পর্যন্ত গত ১০ দিন ধরে ওই রাজ্যের লাখ লাখ মানুষ পানিবন্দী অথবা গৃহহীন।
এ পর্যন্ত ভারত সরকার বিহারের বানভাসি মানুষদের মধ্যে ত্রান বিতরণের জন্য ৪টি হেলিকপ্টার মোতায়েন করেছে। তবে জাতিসংঘ কর্মকর্তারা অভিযোগ করেছেন, সরকারের এ ব্যবস্থা পর্যাপ্ত নয়।
বিহারে হাজার হাজার মানুষ মহাসড়ক ও রেল লাইনে আশ্রয় নিয়েছে। তাদের মাথার ওপর কোন রকমের আচ্ছাদন আছে কি নেই।
৪০ বছরের রাধিকা দেবী বলেন, "আমরা না খেয়ে আছি এবং মরতে বসেছি।"
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "সরকার কেন আমাদের আর্তি শোনে না?" তিনি জানান, তার পরিবার গত ১০ দিনে সরকারের কাছ থেকে একবার মাত্র এক কিলোগ্রাম চালের গুড়া পেয়েছে।
তবে রাজ্যের কর্মকর্তারা জানান, নজিরবিহীন এ বন্যা পরিস্থিতি সামাল দিতে তারা তাদের সাধ্যমত চেষ্টা করছেন। তারা স্বীকার করেন, ত্রাণ কার্যক্রমে কিছু লোক বাদ পড়ে যাচ্ছেন।
বিহারের শীর্ষ ত্রাণ কর্মকর্তা মনোজ কুমার শ্রীবাস্তব বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমরা দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারের সাহায্যে ত্রাণ পৌঁছে দিচ্ছি।"
কিন্তু রাজ্যের সবচেয়ে বেশি বন্যাপীড়িত এলাকা মুজাফফরপুরের মানুষ তার এ দাবির সঙ্গে একমত নয়।
সেখানকার একজন কৃষক রণজিত কুমার বলেন, "খাবার তো পাচ্ছিই না। বরং পুলিশ আমাদের রেল লাইন থেকে সরে যেতে বলছে।"
ভারতের আরেক বন্যাপীড়িত রাজ্য আসামের একটি গ্রামে মঙ্গলবার ত্রাণের খাদ্য লুট করার সময় গ্রামবাসী সাতজন স্থানীয় রাজনীতিক ও কর্মকর্তাকে হাতেনাতে পাকড়াও করেছে।
নেপালে পানি কমতে শুরু করেছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৪ দিন বন্ধ থাকলেও আবারও মওসুমী বর্ষণ শুরু হতে পারে।
এদিকে মঙ্গলবার ভারতে ইউনিসেফের প্রধান মারজিও বাবাইলি এক বিবৃতিতে বলেন, "মানুষের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানো না গেলে গ্রামাঞ্চলে অচিরেই স্বাস্থ্য সংকট দেখা দেবে।"
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) মুখপাত্র ফাদেলা চেইব বলেন, মারাত্মক শ্বাসজনিত এবং ত্বকের প্রদাহ, সাপ এবং খাদ্যজনিত অসুস্থতার হুমকির মুখে ওই অঞ্চলের ৩ কোটি মানুষ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24