করাচি, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তান কর্তৃপক্ষকে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে করাচি হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্ট এই নির্দেশ দেয়। স্বেচ্ছা নির্বাসনে বিদেশে অবস্থানরত বেনজিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য ইন্টারপোলকে অনুরোধ করেছিল পাকিস্তান সরকার। বেনজিরের একজন আইনজীবী একথা জানিয়েছেন।
বেনজির এবং পাকিস্তানের সেনা শাসক জেনারেল পারভেজ মুশাররফ ক্ষমতা ভাগাভাগি প্রশ্নে সমঝোতা করতে পারেন---এই ধারণা যখন পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে জোরাল হচ্ছে ঠিক সেসময়ই আদালত এ নির্দেশ দিল।
১৯৯৬ সালে নির্বাচনী কর্তৃপক্ষের কাছে সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনে গত বছর পাকিস্তান সরকার বেনজিরের বিরুদ্ধে নিম্ন আদালতে একটি মামলা দায়ের করে। পরে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ করে।
বেনজির এক দশকের স্বেচ্ছা নির্বাসনে বর্তমানে লন্ডনে বাস করছেন। এ বছরের শেষের দিকে তিনি নির্বাচন করার জন্য দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
বেনজিরের আইনজীবী ফারুক নায়েক জানান, গ্রেফতারি পরোয়ানা জারির সরকারের অনুরোধ বেআইনি ঘোষণা করার জন্য করাচি হাইকোর্টে তিনি আবেদন করেছিলেন। এর আগে নিম্ন আদালত সরকারের অভিযোগ খারিজ করে দেয়।
ফারুক রয়টার্সকে বলেন, "হাইকোর্ট আমার আবেদন গ্রহণ করেছে এবং সরকারকে তার অনুরোধ প্রত্যাহারের আদেশ দিয়েছে।"
জানুয়ারিতে ইন্টারপোলের পক্ষ থেকে বলা হয়, তারা পাকিস্তান সরকারের কাছ থেকে অনুরোধ পাওয়ার পর বেনজির ও তার স্বামী আসিফ আলী জারদারির বিরুদ্ধে একটি 'রেড নোটিশ' জারি করেছে।
তবে ওই সময় ইন্টারপোল জানায়, এ নোটিশ বেনজির দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল না। তবে ওই নোটিশ জারির মাধ্যমে তাদের জানানো হয়েছিল যে তাদের বিরুদ্ধে প্রকৃতই পরোয়ানা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৯৪৭ ঘ.
bdnews24