২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে দক্ষিণ কোরীয় জিম্মিদের ভবিষ্যৎ অনিশ্চিত

জিম্মি সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই কোন ছাড় দেবেন না বলে ঘোষণা করার পর দক্ষিণ কোরীয় ২১ জিম্মির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার অপহরণকারীদের একজন জানান, জিম্মিদের নিয়ে কি করা হবে সেটা ঠিক করতে যাচ্ছেন তালেবান নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 01:06 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

কাবুল, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জিম্মি সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই কোন ছাড় দেবেন না বলে ঘোষণা করার পর দক্ষিণ কোরীয় ২১ জিম্মির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার অপহরণকারীদের একজন জানান, জিম্মিদের নিয়ে কি করা হবে সেটা ঠিক করতে যাচ্ছেন তালেবান নেতারা। এদিকে, জিম্মি উদ্ধারে দক্ষিণ কোরীয় সরকার প্রচন্ড চাপের মধ্যে রয়েছেন। জিম্মিদের মুক্তির ব্যাপারে সাহায্য করার জন্য সিউলে তাদের পরিবার বুশ ও কারজাইর কাছে আবেদন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান কমান্ডার বলেন, "আমরা বুশ ও কারজাইর মন্তব্য সম্পর্কে জানি এবং আমাদের পরবর্তী করণীয় ঠিক করছি।" চারজন জিম্মি এই কমান্ডারের তত্ত্বাবধানে আছেন। তিনি জানান, তালেবান নেতারা খিস্টান স্বেচ্ছাসেবকদের ভাগ্য নির্ধারণ করবেন। তালেবান কমান্ডার জানান, গজনী প্রদেশে তাদের নিয়ন্ত্রিত এলাকায় দক্ষিণ কোরীয় কূটনীতিকদের সঙ্গে আলোচনা এখনও চলছে। দক্ষিণ কোরীয় প্রতিনিধি দলটি স্বেচ্ছাসেবক দলের বাকী ১৮ নারী ও ৩ পুরুষকে উদ্ধার করার জন্য ওই এলাকায় গেছেন। এর আগে ৮ সহযোদ্ধার মুক্তির শর্তে সময়সীমা বেধে দেওয়ার পর আফগান সরকার সেটা না মানায় ২ পুরুষ জিম্মিকে হত্যা করে তালেবান অপহরণকারীরা। প্রায় এক মাস আগে গজনী প্রদেশে বাসে ভ্রমণের সময় তালেবানরা ২৩ কোরীয় স্বেচ্ছাসেবককে অপহরণ করে। অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সের সঙ্গে আলাপকালে ওই তালেবান কমান্ডার আবারও হুশিয়ার করে বলেছেন, আফগান সরকার যদি ৮ তালেবান বন্দিকে মুক্তি না দেয় তাহলে জিম্মিদের ভাগ্যে যাই ঘটুক না কেন তার দায়দায়িত্ব বুশ ও কারজাইকে নিতে হবে। তবে সোমবার বুশ ও কারজাই তালেবানদের দাবি নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিড অবকাশ কেন্দ্রে দুই নেতার বৈঠকের পর সোমবার তারা সংবাদ সম্মেলনে তালেবানদের চিরতরে শেষ করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। হোয়াইট হাউসের মুখপাত্র গর্ডন জনড্রোয়ে বলেন, "জিম্মি মুক্তির বিনিময়ে তালেবানদের কোন শর্ত না মানার ব্যাপারে উভয় নেতাই একমত হয়েছেন। তালেবানরা পাশবিক এবং এ শর্ত মেনে তাদের উৎসাহিত করা ঠিক হবে না।" এদিকে সিউলে জিম্মিদের পরিবারের পক্ষ থেকে বুশ ও কারজাইয়ের উদ্দেশ্যে এক আবেদনে বলেন, "আমরা আন্তরিকভাবে বলছি, আপনারা স্বেচ্ছাসেবকদলটির মহৎ ইচ্ছা বোঝার চেষ্টা করুন। দারিদ্র্য ও সংঘাত সত্ত্বেও তারা আফগান জনগণের সঙ্গে সুখ দুখ ভাগাভাগি করতে এবং তাদের ভালবাসা দিতে চেয়েছিল।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮২৯ ঘ.