কলম্বো, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলঙ্কার সেনাবাহিনী দ্বীপ দেশটির উত্তরাঞ্চলে ছয় তামিল টাইগার গেরিলাকে হত্যা করেছে। গেরিলাদের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে তাদের হত্যা করা হয় বলে মঙ্গলবার জানিয়েছে সেনাবাহিনী।
লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) এর সন্দেহভাজন গেরিলারা উত্তরের বাবুনিয়া জেলায় রাস্তার পাশ থেকে দুটি বোমা হামলা চালিয়ে এক সেনাকে হত্যা এবং অপর পাঁচ সেনা ও একজন বেসামরিক লোককে আহত করার কয়েক ঘণ্টা বাদে শুরু হয় সোমবারের ওই বন্দুকযুদ্ধ।
জাতীয় নিরাপত্তার মিডিয়া সেন্টারের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, "এলটিটিই সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলা চালায়। জবাবে আমরা পাল্টা হামলা চালাই এবং তাদের ছয়জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।"
শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিলদের জন্য উত্তর ও পূর্বাঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামরত এলটিটিই'র পক্ষ থেকে সোমবারের ওই ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনীর সঙ্গে এলটিটিই গেরিলাদের স্থল ও জল পথের সংঘর্ষ এবং বিমান হামলায় শুধুমাত্র গত বছর থেকে এ পর্যন্ত মারা গেছে সাড়ে চার হাজার মানুষ। আর এ নিয়ে ১৯৮৩ সালে শুরু হওয়া সংঘর্ষে প্রাণহানির সংখ্যা প্রায় ৭০ হাজারে পৌঁছেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২৫ ঘ.
bdnews24