২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার চেয়ে এগিয়ে যাচ্ছেন হিলারি ক্লিনটন : জরিপ

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্কের সিনেটর হিলারি রডহ্যাম ক্লিনটন ইলিনয়সের সিনেটর বারাক ওবামার চেয়ে জনপ্রিয়তায় তাৎপর্যপূর্ণভাবে এগিয়েছেন। পররাষ্ট্রনীতি নিয়ে দুই প্রার্থীর লাগাতার বিতর্কের পর মঙ্গলবার প্রকাশিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 06:48 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ওয়াশিংটন, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্কের সিনেটর হিলারি রডহ্যাম ক্লিনটন ইলিনয়সের সিনেটর বারাক ওবামার চেয়ে জনপ্রিয়তায় তাৎপর্যপূর্ণভাবে এগিয়েছেন। পররাষ্ট্রনীতি নিয়ে দুই প্রার্থীর লাগাতার বিতর্কের পর মঙ্গলবার প্রকাশিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। এক হাজার ১২ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর পরিচালিত দি ইউএসএ টুডে/গ্যালাপ জরিপে দেখা গেছে, ডেমোক্রেট ও ডেমোক্রেট-সমর্থক স্বতন্ত্র মার্কিনিদের ৪৮ শতাংশ সমর্থন করছেন হিলারি ক্লিনটনকে। অন্যদিকে বারাক ওবামাকে সমর্থন করেছেন জরিপে অংশগ্রহণকারী ২৬ শতাংশ এবং নর্থ ক্যারোলিনার সাবেক সিনেটর জন এডওয়ার্ডকে সমর্থন করেছেন মাত্র ১২ শতাংশ। শুক্রবার থেকে রোববার পর্যন্ত পরিচালিত ইউএসএ টুডের জরিপে দেখা গেছে, গত মাসের চেয়ে ক্লিনটনের জনপ্রিয়তা বেড়েছে আট শতাংশ এবং ওবামার জনপ্রিয়তা কমেছে দুই শতাংশ। জরিপে আরও জানা গেছে, রিপাবলিকানদের মধ্যে নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জিলিয়ানির ৩৩ শতাংশ, টেনিসি'র সাবেক সিনেটর ফ্রেড থম্পসনের ২১ শতাংশ, আরিজোনার সিনেটর জন ম্যাককেইনের ১৬ শতাংশ এবং ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনের প্রতি সমর্থন রয়েছে আট শতাংশ মার্কিনির। ইউএসএ টুডে তাদের প্রতিবেদনে বলেছে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে হিলারি যে তার প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে অভিজ্ঞ ও পারদর্শী তা প্রতিফলিত হয়েছে এ জরিপে। দুই সপ্তাহ আগে এক বাকযুদ্ধে ওবামা বলেছিলেন, প্রেসিডেন্ট হলে তিনি ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মতো নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যেখানে হিলারি ক্লিনটন ওই ধরণের কোনো প্রতিশ্র"তি করতে অস্বীকার করে বলেন, "প্রপাগান্ডা চালানোর উদ্দেশ্যে ব্যবহৃত হতে চাই না আমি।" জরিপে ডেমোক্রেট এবং ডেমোক্রেট-সমর্থক স্বতন্ত্র মার্কিনিরা বলেছেন, সন্ত্রাস ও ইরাক যুদ্ধ মোকাবেলায় এবং মিত্র নয় এমন দেশগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে প্রেসিডেন্ট হিসাবে ওবামার চেয়ে ভাল করবেন হিলারি ক্লিনটন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৪০ ঘ.