ুক্যাম্প ডেভিড, যুক্তরাষ্ট্র, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে তালেবানদের চিরতরে বিনাশ করে দেওয়ার অঙ্গীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। সোমবার ক্যাম্প ডেভিডে দু দিনব্যাপী বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তারা এ অঙ্গীকার করেন।
হামিদ কারজাই তালেবান বাহিনীকে হতাশ ও পরাজিত শক্তি হিসাবে অভিহিত করে বলেন, তারা আফগানিস্তানের জন্য মোটেই হুমকি নয়।
যুক্তরাষ্ট্র সফরে কারজাই তার দেশে সহিংসতা বৃদ্ধি এবং পাকিস্তান সংলগ্ন সীমান্তজুড়ে তালেবানদের গোপন আস্তানার ব্যাপারে নতুন করে উদ্বেগ প্রকাশ করেন। তবে তালেবানদের শেষ করে দেওয়ার জন্য তিনি আফগান সেনা ও পুলিশ বাহিনীকে গড়ে তুলছেন বলেও জানিয়েছেন।
ম্যারিল্যান্ডের পাহাড়ি এলাকায় মার্কিন প্রেসিডেন্টের অবকাশ কেন্দ্র ক্যাম্প ডেভিডে বুশের সঙ্গে দু দিনের বৈঠক শেষে কারজাই বলেন, "আফগানিস্তানে তালেবানরা এখনও পরাজিত একটি শক্তি। তবে তারা এখনও পাহাড়ি এলাকায় আত্মগোপন করে আছে। আমাদের কাজ হলো তাদের শেষ করে দেওয়া। তাদেরকে পাহাড়ি আস্তানা থেকে তাড়িয়ে দেওয়া।"
তিনি বলেন, "তালেবানরা এমনই এক শক্তি যারা স্কুলে গিয়ে শিশুদের হত্যা করে এবং শিক্ষক, ধর্মীয় নেতা, প্রকৌশলী, আন্তর্জাতিক সাহায্যকর্মীসহ নিরপরাধ ব্যক্তিদের হুমকি দিয়ে কাপুরুষোচিত কাজ করে যাচ্ছে।"
২০০১ সালে আফগানিস্তানে মার্কিন অভিযানে তালেবান সরকার ক্ষমতাচ্যুত হয়।
কারজাই আরো বলেন, "তারা (তালেবান) আফগান সরকারের জন্য হুমকি হয়ে উঠছে না। আফগানিস্তানের প্রতিষ্ঠানগুলোর জন্য কিংবা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্যও হুমকি নয় তারা।"
তিনি বলেন, "তারা এমনই এক শক্তি যারা হতাশ।"
এমন এক সময় বুশ আফগান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হলেন যখন আফগানিস্তানের পুনর্গঠনে তার নেওয়া পদক্ষেগুলো বাধাগ্রস্ত এবং আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে আটক করতে ব্যর্থ হওয়ায় তিনি অনেকটা বেকায়দা অবস্থায় রয়েছেন।
১১ সেপ্টেম্বর হামলার ৬ষ্ঠ বার্ষিকী সামনে রেখে বুশ কারজাই ও আমেরিকার জনগণকে আশ্বস্ত করতে মরিয়া যে তিনি আফগানিস্তানের পুনর্গঠন এবং তালেবান ও আল কায়েদাবিরোধী লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।
আফগানিস্তানের ব্যাপারে কারজাইকে আবারও আশ্বস্ত করে বুশ বলেন, "আমাদের দুই দেশেরই শত্র" ইসলামী জঙ্গিরা। মুক্ত বিশ্ব আজ যে সব চ্যালেঞ্জ মোকাবেলা করছে তারই একটা অংশ এই সমস্যা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২৩৪২ ঘ.
bdnews24