বাগদাদ, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের নিরাপত্তা সহযোগিতা বাড়াতে ত্রিদেশীয় উপ-কমিটি গঠন নিয়ে সোমবার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, ইরান ও ইরাকের কর্মকর্তারা সোমবার বাগদাদে প্রথম বৈঠক করেছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ইরাকে মার্কিন দূতাবাসের মুখপাত্র ফিলিপ রিকার বলেন, "এই উপ-কমিটি নিয়ে তাদের মধ্যে ইতমধ্যেই একদফা আলাপ-আলোচনা হয়েছে। আজ তারা বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠক করছেন। ইরাকিরা এ বৈঠকের আয়োজন করেছে।"
রিকার বলেন, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক-সামরিক বিষয়ক মিনিস্টার-কাউন্সিলর মারসি রিজ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আলী হোসেইনি বলেন, তেহরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইরাকে তাদের দূতাবাসের উপ-প্রধান আমীর আব্দুল্লাহিয়ান।
এর আগে ইরাকে ইরান ও যুক্তরাষ্ট্রর রাষ্ট্রদূতের মধ্যকার ২৪ জুলাইয়ের বৈঠকের অন্যতম লক্ষ্য ছিল নিরাপত্তা উপ-কমিটি গঠন।
ওয়াশিংটন অভিযোগ করে আসছে যে ইরাকে অস্থিতিশীলতা বৃদ্ধি, গেরিলাদের সমর্থন এবং মার্কিন সেনাদের হত্যার জন্য অস্ত্র সরবরাহ করছে তেহরান।
তেহরান সেসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। একইসঙ্গে তেহরান ইরাকের জাতিগত সহিংসতার জন্য দায়ী করে আসছে সাদ্দাম হোসেনকে উৎখাতে ২০০৩ সালের মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনকে।
৩০ বছর ধরে কূটনৈতিক সম্পর্ক না থাকা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য প্রথম দফা বৈঠক হয়েছে গত মে মাসে।
২৪ জুলাইয়ের বৈঠকের পর ইরাকে মার্কিন রাষ্ট্রদূত রেয়ন ক্রোকার বলেছিলেন, ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি-কোমিকে তিনি বলেছেন, ওয়াশিংটন মনে করে ইরান জড়িত এমন জঙ্গি হামলা গত দুই মাসে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, সাত ঘণ্টাব্যাপী ওই আলোচনায় "উত্তপ্ত বাক্য বিনিময়" হয়েছিল। আর ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জাবেরি ওই বৈঠককে "খুবই চ্যালেঞ্জিং" বলে বর্ণনা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৩৬ঘ.
bdnews24