জেরুজালেম, আগস্ট ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল-ফিলিস্তিন দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ব্যাপারে একটি অভিন্ন নীতিতে পৌছানোর জন্য আগামী নভেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন ইহুদ ওলমার্ট ও মাহমুদ আব্বাস। ওই সময় একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের আগে আগে বিরোধগুলো মিটিয়ে ফেলার জন্য দুপক্ষকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার আব্বাস ও ওলামার্ট দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
সোমবার পশ্চিমতীরের জেরিকো শহরে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের মধ্যে বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন আব্বাসের সহযোগী নাবিল আমর। অধিকৃত পশ্চিমতীরে এটাই হবে দুই নেতার প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।
আমর জানান, দুই পক্ষই রাজনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। এতে সীমান্তসহ পৃথক দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত ইস্যুগুলো থাকবে।
এ সপ্তাহের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, মৌলিক ইস্যুগুলোতে আব্বাসের সঙ্গে আলোচনা করতে রাজি ওলমার্ট।
তবে সীমান্ত, জেরুজালেমের ভবিষ্যৎ এবং ফিলিস্তিন শরণার্থীদের দেশে ফেরার বিষয়ে তারা আলোচনা করবেন কিনা মার্কিন কর্মকর্তারা সেটা বলেননি।
ওলমার্টের দপ্তর থেকেও সোমবারের আলোচনা সম্পর্কে তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
পশ্চিমা ও ইসরায়েলি কর্মকর্তারা জানান, নভেম্বরে সম্ভাব্য মধ্যপ্রাচ্য সম্মেলনের আগেই অন্তর্বর্তী পদক্ষেপ হিসাবে ওলমার্ট ও আব্বাস কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুর ব্যাপারে একটি অভিন্ন নীতিতে পৌঁছার চেষ্টা করবেন।
আব্বাসের অপর এক সহযোগী সায়েব এরাকাত বলেন, মূল প্রশ্নগুলোতে আলোচনা শুরুর ওপর 'গুরুত্ব' দিচ্ছেন রাইস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২৩২২ ঘ.
bdnews24