আলজিয়ার্স, আগস্ট ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, তার দেশ পরমাণু কর্মসূচি পরিত্যাগ করবে না। ওপেকের সহযোগী আলজেরিয়া সফরের আগে সে দেশের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে আহমাদিনেজাদ এ কথা বলেন। পত্রিকাটির শনিবারের সংস্করণে তার ওই সাক্ষাতকারটি ছাপা হয়।
তিনি বলেন, "পরমাণু জ্বালানী তৈরির জন্য জাতিসংঘ যেটুকু অধিকার দিয়েছে তার বেশি দাবি করছে না ইরান। ওই অধিকারের এক ইঞ্চিও ছেড়ে দিতে প্রস্তুত নই আমরা।"
এল ওয়াতান নামের ওই পত্রিকাটির সঙ্গে দেওয়া সাক্ষাতকারে আহমাদিনেজাদ বলেন, "আন্তজাাতিক আইনের কর্মকাঠামোর মধ্যে থেকেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। আমি বলতে পারি ইরান পরমাণু ক্ষমতাধর রাষ্ট্র।"
আহমাদিজেদা তিনদিনের সফরে সোমবার উত্তর আফ্রিকার দেশ আলজিয়া যাচ্ছেন। তবে আলজেরিয়ার সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবেন কিনা সে ব্যাপারে তিনি কিছু জানাননি।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে মধ্যপ্রাচ্যের অন্যতম তেল উৎপাদনকারী দেশটি এ অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরান দাবি করছে, তারা বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি হাতে নিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২০০৫ ঘ.
bdnews24