বাগদাদ, আগস্ট ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদে বোমা হামলা এবং গেরিলাদের সঙ্গে যুদ্ধে ৪ মার্কিন সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। শুক্রবার মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানায়।
এদিকে ইরাকে এক বৃদ্ধকে অপহরণ ও হত্যার ঘটনায় অধীনস্থ সৈন্যদের নেতৃত্ব দেওয়ার দায়ে একজন মার্কিন মেরিন সেনা অধিনায়কের ১৫ বছর কারাদণ্ড হয়েছে। একটি সামরিক আদালত শুক্রবার এ রায় দেয়।
মার্কিন সেনাবাহিনী জানায়, বাগদাদের পূর্বাঞ্চলে টহল দেওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখার বোমা বিস্ফোরণে ৩ সৈন্য নিহত হয়েছে। ওই সময় সেখানে শিয়া ও সুন্নি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছিল। ওই বিস্ফোরণে আরও ১১ জন আহত হয়েছে।
বাগদাদের পশ্চিমাঞ্চলে গেরিলাদের সঙ্গে যুদ্ধে অপর মার্কিন সেনা নিহত হয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।
এদিকে বৃহস্পতিবার ক্যাম্প পেন্ডলটনে মেরিন সেনা ঘাঁটিতে একটি সামরিক আদালত মেরিন সার্জেন্ট তৃতীয় লরেন্স হাচিনকে ইরাকি বৃদ্ধকে হত্যা এবং অপহরণসহ আরও কয়েকটি অভিযোগে দোষী সাবস্ত্য করে। শুক্রবার আদালত কঠোর ভৎর্সনা ও অসম্মানজনকভাবে বরখাস্তসহ তাকে ১৫ বছর কারাদণ্ড দেয়।
গত বছর ইরাকের হামদানিয়ায় ওই ঘটনার সঙ্গে জড়িত আরও ৭ মেরিন সেনা এবং নৌবাহিনীর একজন চিকিৎসককেও একই দণ্ড দেওয়া হয়েছে।
একজন সন্দেহভাজনকে পাকড়াও করার জন্য লরেন্সের নেতৃত্বে মার্কিন সেনারা সেখানে অভিযান চালায়। কিন্তু তাকে না পেয়ে তার প্রতিবেশির বাড়িতে চড়াও হয় সৈন্যরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সেনারা ৫২ বছরের হাশিম ইবরাহিম আওয়াদকে গুলি করে হত্যা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৬৫০ ঘ.
bdnews24