ব্যাংকক, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা নতুন সংবিধানের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার ব্যাংককে 'গণতন্ত্র উৎসব' উদ্বোধনকালে তারা এ আহ্বান জানান।
অন্তর্বর্তীকালীন সরকার প্রণীত একটি নতুন সংবিধান অনুমোদনের লক্ষ্যে সে দেশে ১৯ আগস্ট গণভোট হবে। এ সংবিধানকে 'নৈতিক' গণতন্ত্রের পক্ষে একটি পদক্ষেপ হিসাবে অভিহিত করেছেন সরকারের কর্মকর্তারা।
ব্যাংককে গণতন্ত্র উৎসবের শোভাযাত্রায় থাকসিন বিরোধী অভ্যুত্থানের নেতা সোনিথ বুনিয়ারাতলিন এবং প্রধানমন্ত্রী সুরায়ুধ চুলানন্ত নতুন সংবিধানের একটি বড়মাপের কপিতে স্বাক্ষর করেন। গত বছর অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে উৎখাত করার পর ১৯৯৭ সালের সংবিধান বাতিল করা হয়।
২ হাজার সেনা ও গ্রামবাসীর সমাবেশে সুরায়ুধ বলেন, নতুন সংবিধানের মাধ্যমে স্থিতিশীল ও নৈতিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে এবং এতে সাংবিধানিক রাজতন্ত্রকে চিরস্থায়ী করার ব্যবস্থা রাখা হবে।
কয়েক দিন আগে লন্ডনে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন নতুন সংবিধান প্রত্যাখ্যান করেন। তিনি একে 'বিষবৃক্ষের ফল' এবং 'পিছু হটা' বলে আখ্যায়িত করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24