২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্র নিয়ে ওবামা-হিলারির নতুন বাকযুদ্ধ

পরমাণু অস্ত্র ব্যবহার করা না করা নিয়ে নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের দুই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা ও হিলারি ক্লিনটন। প্রেসিডেন্ট হলে আল-কায়েদা জঙ্গি দমনে আফগানিস্তান ও পাকিস্তানে হামলা চালানোর হুমকি দেওয়ার পর ওবামা এ অভিযানে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছেন। কিন্তু প্রেসিডেন্টরা কখনই কোনো বিকল্প দূরে সরিয়ে রাখেন না বলে ওবামার কথার প্রতিবাদ করেছেন হিলারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 10:00 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ওয়াশিংটন, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু অস্ত্র ব্যবহার করা না করা নিয়ে নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের দুই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা ও হিলারি ক্লিনটন। প্রেসিডেন্ট হলে আল-কায়েদা জঙ্গি দমনে আফগানিস্তান ও পাকিস্তানে হামলা চালানোর হুমকি দেওয়ার পর ওবামা এ অভিযানে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছেন। কিন্তু প্রেসিডেন্টরা কখনই কোনো বিকল্প দূরে সরিয়ে রাখেন না বলে ওবামার কথার প্রতিবাদ করেছেন হিলারি। আর ওবামার এ ধরনের কথাবার্তায় ২০০৮ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অভিজ্ঞতা যথেষ্ট কিনা--- তর্ক গড়িয়েছে সে প্রশ্নেও। ইলিনইসের সিনেটর ওবামার এক সহযোগী জানান, ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে ওবামা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তান কিংবা পাকিস্তানে তিনি পরমাণু অস্ত্রের ব্যবহার চান না। প্রেসিডেন্ট হলে পাকিস্তানে হামলার হুমকি দেওয়ার পরপরই তিনি একথা বলেন। এর কিছুদিন আগে ওবামা যুক্তরাষ্ট্রের বৈরি দেশ ইরান, কিউবা, সিরিয়া, উত্তর-কোরিয়া ও ভেনেজুয়েলার নেতাদের সঙ্গে প্রেসিডেন্সির প্রথম বছরে নি:শর্তে দেখা করতে ইচ্ছুক বলে জানালে হিলারির সঙ্গে তার তুমুল বাকযুদ্ধ হয়। ওবামাকে দায়িত্বজ্ঞানহীন এবং নেতিবাচক আখ্যা দেন হিলারি। হিলারির মতে মার্কিন প্রেসিডেন্টের উচিত নিম্নপর্যায়ের সফল কূটনৈতিক প্রচেষ্টার পর বৈরি ওইসব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করা। কিন্তু ওবামা বলেন, তিনি বুশ প্রশাসনের মতো প্রচলিত ধ্যান-ধারনাই পোষণ করেন। এর কোনো মৌলিক পরিবর্তন চান না। ক্যাপিটল হিলের সংবাদ সম্মেলনে ওবামা পাকিস্তান ও আফগানিস্তানে হামলার ক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহার চান না বলার সঙ্গে সঙ্গেই হিলারি তাকে খোঁচা দিয়ে বলেন, "আমার মনে হয় প্রেসিডেন্টদের পরমাণু অস্ত্র ব্যবহার করা না করা নিয়ে কথা বলার ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত।" তিনি আরও বলেন, "সেই স্নায়ুযুদ্ধ যুগ থেকে প্রেসিডেন্টরা শান্তি বজায় রাখতে পরমাণু অস্ত্র হাতে রেখেছে। আর আমি এও মনে করি না যে, কোনো প্রেসিডেন্টের এই অস্ত্র ব্যবহার করা বা না করা নিয়ে কোনো ফাঁকা বুলি আওড়ানো উচিত।" তবে পরমাণু অস্ত্র ব্যবহার না করার বিষয়টি দিয়ে আসলে কি বোঝানো হয়েছে তা ওবামা পরে এক প্রচারাভিযানে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, "আমাদের হাতে লাদেন কিংবা আল-কায়েদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো গোয়েন্দা তথ্য থাকলে হামলা চালানো হবে এবং ওবামার বিশ্বাস, প্রচলিত অস্ত্র দিয়েই জঙ্গি দমনের লক্ষ্য যুক্তরাষ্ট্র অর্জন করতে পারবে।" উল্লেখ্য, জনমত জরীপে এখনও ওবামার চেয়ে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। হিলারির জনসমর্থন যেখানে ৪০ শতাংশ সেখানে ওবামার মাত্র ২১ শতাংশ। ওবামার সমালোচনা করে আরেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী ক্রিস ডড বলেছেন, বৈদেশিক নীতি এবং সামরিক দিকটি নিয়ে ওবামার কথাবার্তা অস্পষ্ট ও বিভ্রান্তিমূলক। বিশ্ব এখন আগের চেয়ে অনেক বেশি বিপদগ্রস্ত ও জটিল। এ দিকটি বিবেচনা করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্টকে একজন সমঝদার এবং বিশ্লেষণী ক্ষমতাসম্পন্ন মানুষ হতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৬ঘ.