২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্লাসগো বিমানবন্দর হামলায় আহত ভারতীয় প্রকৌলীর মৃত্যু

গ্লাসগো বিমানবন্দরে হামলাকারী সন্দেহভাজন ভারতীয় প্রকৌশলী কফিল আহমেদ বৃহস্পতিবার মারা গেছেন। গত ৩০শে জুন একটি জিপ গাড়ি নিয়ে বিমানবন্দর ভবনের প্রধান ফটকে আঘাত হানার সময় কফিলসহ ইরাকি চিকিৎসক বিলাল তালাল মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। আহত অবস্থায় গ্রেপ্তারের পর থেকেই কফিল পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লন্ডন পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 07:40 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

লন্ডন, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গ্লাসগো বিমানবন্দরে হামলাকারী সন্দেহভাজন ভারতীয় প্রকৌশলী কফিল আহমেদ বৃহস্পতিবার মারা গেছেন। গত ৩০শে জুন একটি জিপ গাড়ি নিয়ে বিমানবন্দর ভবনের প্রধান ফটকে আঘাত হানার সময় কফিলসহ ইরাকি চিকিৎসক বিলাল তালাল মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। আহত অবস্থায় গ্রেপ্তারের পর থেকেই কফিল পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লন্ডন পুলিশ একথা জানিয়েছে। লন্ডন পুলিশের মুখপাত্র জানান,"আমরা এটা নিশ্চিত করতে পারি যে গ্লাসগো বিমানবন্দরে হামলার ঘটনার সময় মারাত্মকভাবে আহত ওই ব্যক্তি গ্লাসগো রয়্যাল ইনফারমারিতে মারা গেছেন।" ৩০ শে জুন ওই হামলার সময় ২৭ বছর বয়সী কফিল আহমেদের শরীরের প্রায় ৯০ শতাংশই অগ্নিদগ্ধ হয়ে যায়। আহত অবস্থাতেই তাকে আটক করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় রাখা হয়। প্রথমে রয়্যাল আলেক্সান্দ্রা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও পরে তাকে গ্লাসগো র‌্যয়াল ইনফরমারি হাসপাতালের স্পেশাল বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সেখানেই মারা যান তিনি। ভারতের ব্যাঙ্গালোরের বাসিন্দা কফিল আহমেদকে পশ্চিমা মিডিয়ায় প্রথমে চিকিৎসক বলে প্রচার করা হলেও পরে নিশ্চিত হওয়া যায় যে তিনি একজন প্রকৌশলী। ডিজাইন এন্ড টেকনোলজীতে একটি পিএইচডি ডিগ্রী রয়েছে তার। কফিল আহমেদের সঙ্গে ওই গাড়িতে থাকা ইরাকি চিকিৎসক বিলাল তালাল সামাদ আব্দুল্লাহর বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে এবং তাকে ব্রিটিশ পুলিশের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। গ্লাসগো বিমানবন্দরে হামলার আগেরদিন লন্ডনের রাস্তায় দুটি ব্যর্থ গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। লন্ডনের কেন্দ্রস্থলে গাড়িতে পেতে রাখা অবস্থায় ওই বোমা উদ্ধার করে পুলিশ। কফিলের ছোটভাই ২৬ বছর বয়সী চিকিৎসক সাবিল আহমেদকেও ৩০ শে জুন লন্ডন থেকে আটক করা হয় এবং সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকার সন্দেহে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই ঘটনাগুলোর সঙ্গে জড়িত থাকার সন্দেহে মোট আট ব্যক্তিকে আটক করা হয় এবং পরে তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ গঠন করা হয়। লন্ডন হামলার সঙ্গে জড়িত সন্দেহে অস্ট্রেলিয়ার আটক করা হয়েছিল অপর এক ভারতীয় চিকিৎসক মোহাম্মদ হানিফকে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১৫ ঘ.