গজনী, আফগানিস্তান, আগস্ট ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২১ কোরীয়কে জিম্মি করে রাখা তালেবান জঙ্গিদের সঙ্গে সরাসরি আলোচনা বসার চেষ্টা নিয়ে বৃহস্পতিবার আফগানিস্তানে পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল। আলোচনার মধ্য দিয়ে জিম্মি সংকটের শান্তিপূর্ণ সমাধানই তাদের লক্ষ্য। তালেবান জঙ্গিরাও কোরীয়দের সঙ্গে সারসরি আলোচনার বিষয়টিতে জোর দিয়ে আসছে। কিন্তু তালেবান জঙ্গিদের আফগান জেল থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা সিউলের নেই।
তালেবান জঙ্গিদের প্রধান দাবি আটককৃত তালেবানদের মুক্তি। এ দাবি পূরণ না হলে তারা জিম্মিদের মেরে ফেলার হুমকি দিয়েছে। কোরীয় জিম্মিদের মুক্ত করার চেষ্টায় কোরিয়ার রাষ্ট্রদূতের নেতৃত্বে আফগানিস্তানে পৌঁছেছে প্রতিনিধিদলটি। আলোচনার পথ বেছে নিতেই তালেবানদের সঙ্গে কথা বলতে এসেছেন তারা। গজনী প্রদেশের গভর্নর মিরাজুদ্দিন পাঠান সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, "প্রতিনিধিরা তালেবানদের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান।"
এর আগে জিম্মি উদ্ধারে আফগানিস্তানে কোন সশস্ত্র অভিযান চালাতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার ফিলিপাইনে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সং মিন-সুন এবং যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টে এ ব্যাপারে একমত হন।
আঞ্চলিক নিরাপত্তা ফোরামের বৈঠকের বাইরে তারা বৈঠকে মিলিত হন।
দক্ষিণ কোরিয়ার একজন কূটনীতিক বলেন, "কোন শক্তি প্রয়োগ না করার ব্যাপারে তারা একমত হয়েছেন।"
গজনী প্রদেশে জিম্মিদের যে গ্রামে আটক রাখা হয়েছে সেখানে সম্ভাব্য হামলার ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক করে দিয়েছে আফগান বাহিনী।
দুই সপ্তাহ আগে আফগানিস্তানের দক্ষিণ পশ্চিম গজনী প্রদেশে বাসে ভ্রমণের সময় দক্ষিণ কোরিয়ার ২৩ খ্রিস্টান স্বেচ্ছাসেবককে তালেবান জঙ্গিরা অপরহরণ করে। তাদের মধ্যে ১৮ জন নারী। পরে জিম্মি মুক্তির শর্ত হিসাবে ৮ তালেবান বন্দির মুক্তি দাবি করে অপহরণকারীরা। তাদের দাবি না মানায় এ পর্যন্ত দুই পুরুষ জিম্মিকে হত্যা করেছে তারা।
তালেবান মুখপাত্র জানান, জিম্মিদের অধিকাংশই অসুস্থ। নারীদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসায় যথাযথ ওষুধ না পাওয়ায় এমন হয়েছে।
আফগান মহিলা ও পুরুষ চিকিৎসকদের একটি দল জিম্মিদের চিকিৎসা দেওয়ার জন্য বৃহস্পতিবার গজনীর উদ্দেশ্যে যাত্রা করেছে। তবে এখনও তারা তালেবানদের কাছ থেকে এ ব্যাপারে অনুমতি পাননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এলকিউ২২০৩ ঘ.
bdnews24