লন্ডন, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন অক্টোবরের শুরুতেই নির্বাচন দিতে পারেন। জনমত জরিপে এগিয়ে থাকা অবস্থাতেই তিনি এ নির্বাচন দিতে চান। 'দ্য টাইমস' বুধবার একথা জানিয়েছে। এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ব্রাউনের ক্ষমতাসীন লেবার পার্টি জানায়, টাইমস জানিয়েছে, জলদি জলদি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য ব্রাউন তার মিত্রদের তহবিল সংগ্রহ করতে বলেছেন।
পার্টির ভাইস চেয়ারম্যান সল্টার টাইমসকে বলেন, " আমি নিশ্চিত করে বলতে পারি যে, পার্টিকে আগাম নির্বাচনের জন্য সতর্ক রাখা হয়েছে। আর এ নির্বাচন শরতের শুরুতেই হতে পারে।"
ব্রাউনের ডাইনিং স্ট্রীটের এক সূত্র বলেছে, "তিনি কোনো সম্ভাবনাই নাকচ করছেন না। তবে তার শরতেই নির্বাচন করার পরিকল্পনা আছে।"
উল্লেখ্য ২৭ জুনে টনি ব্লেয়ারের কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর 'দ্য ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত জনমত জরীপের ফলে দেখা গেছে, লেবার পার্টির ৪১ শতাংশ জনসমর্থন রয়েছে। ৩২ শতাংশ আছে কনজারভেটিভ পার্টির আর ১৬ শতাংশ সেন্ট্রিস্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টির। আগেভাগেই নির্বাচন দিয়ে ব্রাউন এই জনসমর্থনের সুফল ঘরে তুলতে চান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৯ঘ.
bdnews24