ক্যাম্প ডেভিড, যুক্তরাষ্ট্র, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ক্যাম্প ডেভিডে প্রেসিডেন্ট বুশের সঙ্গে সোমবার থেকে শুরু হওয়া দুদিনব্যাপী বৈঠকে ব্রাউন সতর্কতার সঙ্গেই আলাপ-আলোচনা করবেন। ইরাক ইসুর মতো কয়েকটি বিষয়ে কিছুটা দূরত্ব রেখেই ব্রাউন যুক্তরাষ্ট্রের সঙ্গে 'বিশেষ সম্পর্ক' রক্ষার কাজটি করবেন বলে মনে করা হচ্ছে । এ যাত্রায় দারফুরের সহিংসতা অবসানের বিশেষ পরিকল্পনায় বুশের সমর্থন আদায় ব্রাউনের অন্যতম আলোচ্য বিষয়। এছাড়া, ইরাক যুদ্ধ, ইরানের পরমাণু কর্মসূচি, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ডের আলোচনা পুনরায় শুরু-- এসবও থাকছে দু'নেতার বৈঠকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রে এটি ব্রাউনের প্রথম সফর।
গত মাসে টনি ব্লেয়ারের কাছ থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই বুশের সঙ্গে ব্রাউনের প্রথম বেঠক। গত মাসেই যুক্তরাষ্ট্রে কেনিবাঙ্কপোর্টের পৈত্রিক বাড়িতে টনি ব্লেয়ারের সঙ্গে বিদায়ী বৈঠক করেছিলেন প্রেসিডেন্ট বুশ।
রোববার সন্ধ্যায় ক্যাম্প ডেভিডে ব্রাউনকে স্বাগত জানান বুশ। অভ্যর্থনার সময়ই ব্রাউন বুশকে বলেন যে এখানে এসে খুবই আনন্দিত তিনি। অন্যদিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করে বুশ বলেন যে, তিনি আর ব্লেয়ার পরষ্পরের এতোটাই ঘনিষ্ঠ ছিলেন যে, তারা দুজন একই ব্রান্ডের টুথপেস্ট ব্যবহার করতেন।
কিন্তু কিছুটা গম্ভীর চালচলনে ব্রাউন শুরুতেই বুঝিয়ে দিতে চেয়েছেন যে, পূর্বসূরী ব্লেয়ারের মতো একইভাবে আমেরিকার হাতের পুতুল হিসেবে পরিচিত হতে চান না তিনি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর বুশকে 'অন্ধভাবে' সমর্থন দেওয়ার কারণে এবং বুশের সঙ্গে ইরাকযুদ্ধে জোট বাঁধায় ব্লেয়ারকে 'আমেরিকাস পুডল' বলে সমালোচনা করে ব্রিটিশ মিডিয়া।
সোমবার দিনের শুরুতে চিজবার্গার, ফ্রেঞ্চ ফ্রাই ও কলার পুডিং এর নাস্তা শেষে এক সংবাদ সম্মেলনে অংশ নেন বুশ ও ব্রাউন। এরপর আবারও বৈঠকে বসেন দু নেতা।
এদিকে, ব্রাউন ইরাকের সামরিক উপস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইতে পারেন বলে খবর প্রকাশ করে সানডে টাইমস প্রত্রিকা। প্রতিবেদনে বলা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান উপদেষ্টা ইরাক থেকে আগেভাগেই সেনা প্রত্যাহারের সম্ভাবনার কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রনীতি বিশারদদের।
কিন্তু ব্রাউনের মুখপাত্র জানান সেনা ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা প্রকাশের সম্ভাবনা নেই প্রধানমন্ত্রীর এবং এ বিষয়ে সরকারের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি।
দারফুরের সহিংসতা অবসানে ব্রাউন ও ফ্রান্সের প্রধানমন্ত্রী নিকোলাস সারকোজি একটি বিশেষ প্যাকেজ পরিকল্পনা নিচ্ছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সেখানে আফ্রিকান ইউনিয়ন সেনাদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষী সেনা অবস্থান, দ্রুত একটি অস্ত্রবিরতির ব্যবস্থা করা, পুনরায় শান্তিপ্রক্রিয়া শুরু করা এবং জরুরীভিত্তিতে সাহায্য পৌঁছানোর প্রস্তাব দেওয়া হয়েছে ওই পরিকল্পনায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬১০ ঘ.
bdnews24