২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরীয় জিম্মিদের জন্য শেষ সময়সীমা দিল তালেবানরা

আফগানিস্তানের তালেবান জঙ্গিরা রোববার ২২ জন কোরীয় জিম্মি নিয়ে আর কোনো আলোচনা নাকচ করার পর শেষবারের মতো নতুন সময়সীমা বেঁধে দিয়েছে। তালেবান জঙ্গিদের এক মুখপাত্র একথা জানান। সময়সীমার মধ্যে তালেবান বন্দিদের মুক্তি দেওয়া না হলে জিম্মিদের একে এক হত্যা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 11:36 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

কাবুল, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের তালেবান জঙ্গিরা রোববার ২২ জন কোরীয় জিম্মি নিয়ে আর কোনো আলোচনা নাকচ করার পর শেষবারের মতো নতুন সময়সীমা বেঁধে দিয়েছে। তালেবান জঙ্গিদের এক মুখপাত্র একথা জানান। সময়সীমার মধ্যে তালেবান বন্দিদের মুক্তি দেওয়া না হলে জিম্মিদের একে এক হত্যা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছে। তালেবান মুখপাত্র ক্বারী মোহম্মদ ইউসুফ বলেন, "কাবুল প্রশাসন এবং কোরিয়া সরকারের সঙ্গে আমাদের আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে। তারা সৎ নয়। আর তাই আমরা সোমবার ১২টা থেকে জিম্মিদের হত্যা করতে শুরু করব, যদি তারা আমাদের বন্দিদের মুক্তি না দেয়।" এর আগে জঙ্গিরা সঙ্কট নিরসনের একমাত্র পথ হিসাবে আটক জঙ্গিদের মুক্তি দাবি করে। প্রাদেশিক কয়েকটি সূত্র জানায়, গজনী প্রদেশে নিরাপত্তা উদ্বেগের কারণে শনিবার তালেবানদের সঙ্গে আলোচনার জন্য পাঠানো আফগান দল গন্তব্যে পৌঁছতে পারেনি। আফগান দলটি জঙ্গিদের সঙ্গে আলোচনা করে জিম্মিদের বিনা শর্তে মুক্ত করার আশা নিয়েই যাত্রা করেছিল। গজনীতে ১০ দিন আগে অপহরণকারীরা একটি বাস থেকে ওই কোরীয়দের অপহরণ করে। আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার সতর্ক করে দিয়ে বলেছেন, জিম্মিদের মুক্ত করতে বলপ্রয়োগ করা হতে পারে। এর পরপরই ইউসুফ শনিবার সেনাশক্তি ব্যবহারের বিরুদ্ধে কর্তৃপক্ষকে সতর্ক করে দেন। পাশাপাশি বন্দি মুক্তির দাবিকেই জিম্মি মুক্তির প্রধান শর্ত করে তারা। অজ্ঞাতস্থান থেকে ফোনে রয়টার্সকে ইউসুফ বলেন, "অতিরিক্ত আলোচনার কোনো প্রয়োজন নেই। আমরা সরকারকে তালেবান বন্দিদের তালিকা দিয়েছি। তাদের মুক্তি পাওয়া উচিত। এটাই আমাদের প্রধান দাবি।" তিনি আরও বলেন, " সরকারের এ ব্যাপারে স্বদিচ্ছা থাকা প্রয়োজন। কিন্তু তারা যদি আমাদের ওপর বল প্রয়োগ করতে চায় তাহলে জিম্মিদের প্রাণহানি হবে। আর তালেবানরাও শেষ নি:শ্বাস ত্যাগ না করা পর্যন্ত প্রতিরোধ লড়াই চালিয়ে যাবে।" অপহরণকারীরা বুধবার দলের নেতাকে খুন করেছে। বাকী জিম্মিদের হত্যার জন্য তালেবানদের কয়েকবার বেঁধে দেওয়া সময়সীমাও পার হয়েছে। জিম্মিদের ১৮ জন নারী। তাদেরকে বিভিন্ন স্থানে রাখা হয়েছে। জিম্মি মুক্তি ত্বরান্বিত করার জন্য দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু এক ইতালি জিম্মিকে মুক্ত করতে মার্চ মাসে ৫ তালেবানকে মুক্ত করার পদক্ষেপ নিয়ে কারজাই কঠোর সমালোচনার শিকার হওয়ার পর তিনি তালেবানদের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নাকচ করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৬ঘ.