সিডনি, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা ভারতীয় চিকিৎসক মোহাম্মদ হানিফকে মুক্তি দিলেও তার ভিসা নবায়ন না করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। ব্রিটেনে ব্যর্থ বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২৫ দিন আটক রাখার পর পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে শুক্রবার তাকে মুক্তি দেওয়া হয়।
অভিবাসন বিষয়ক মন্ত্রী কেভিন অ্যান্ড্রুজ জানান, ২৭ বছর বয়সী হানিফকে অস্ট্রেলিয়া থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে সরকার তাকে অস্ট্রেলিয়াতে কাজ করার ভিসা দিবে না।
অ্যান্ড্রুজ বলেন,"তার ভিসা বাতিল হয়ে গেছে এবং আদালতের পক্ষ থেকে নতুন কোনো রায় না হলে আমার বিবেচনা অনুসারে তার ভিসা বাতিল বলেই গণ্য হবে।" স্থানীয় টেলিভিশন সেভেন নেটওয়ার্ককে তিনি এ কথা বলেন।
হানিফের আইনজীবী স্টিফেন কেইম রয়টার্সকে বলেন, "আমরা বিস্মিত। যে লোকটিকে কোন অভিযোগ ছাড়াই এক মাস আটক রাখা হল এ সিদ্ধান্তের মাধ্যমে তিনি কিভাবে তার সুনাম ফিরে পাবেন আমরা বুঝি না।"
হানিফের আইনজীবি তাকে 'ওয়ার্কিং ভিসা ' ফিরিয়ে দেওয়ার জন্য আদালতে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন।
অভিবাসন ছাড়পত্র পাওয়ার পর শনিবার রাতে ভারতের উদ্দেশে অস্ট্রেলিয়া ছাড়ার কথা ছিল হানিফের।
বিডিনিউজ টুয়েন্টিফো ডটকম/এএমটি/১৩৪০ ঘ.
bdnews24